দফায় দফায় বিএনপির ব্রিফিং

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে গতকাল দিনভর দফায় দফায় ব্রিফিং করেছে বিএনপি। এছাড়া অভিযোগ জানাতে গেছেন নির্বাচন কমিশন দফতরে। এ দলের কেন্দ্রিয় অফিসে এবং গুলশানের চেয়ারপার্সনের অফিসে দুইটি পৃথক মনিটরিং সেল খোলা হয়। দলের নেতারা সকাল থেকেই নয়া পল্টনের অফিসে ছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তরিকুল ইসলাম, ব্যারিস্টার মওদুদ আহমদ, এমকে আনোয়ার, রুহুল কবির রিজভী প্রমুখ দিনভর বিভিন্ন সময় কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে। সকাল ১০টায় প্রথম নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ব্রিফিং করেন। তিনি গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা ১৮ দল সমর্থিত মেয়রপ্রার্থী অধ্যাপক এমএ মান্নানের এজেন্টদের কেন্দ্রে যেতে বাধা দেয়ার অভিযোগ করেন। ব্রিফিংয়ে শুক্কুর আলী নামে স্থানীয় এক বিএনপি নেতাসহ ২০ জন মান্নান সমর্থককে গ্রেফতারের অভিযোগ করে অবিলম্বে তাদের মুক্তির দাবি জানান তিনি। বেলা পৌনে ১২টায় বিএনপির কার্যালয়ে ব্রিফিং এ মির্জা ফখরুল ইসলাম আলমগীর গাজীপুর নির্বাচনে দুটি কেন্দ্রে প্রশাসনে দায়িত্বরত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যালট পেপারে সিল মারার অভিযোগ করেন । তিনি বলেন, সিটি নির্বাচনকে পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে সরকার যে নীল নকশা করেছে তার অংশ হিসেবে নির্বাচনে শতকরা ৮০ ভাগ দলীয় নেতাকর্মীকে প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ করেছে সরকার। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগের জয়ের কোন সম্ভাবনা নেই দেখেই সরকার নির্বাচনের ফলাফল নিজেদের পক্ষে নিতে নীল নকশা করেছে। বেলা আড়াইটায় নয়াপল্টন বিএনপির কার্যালয়ে এক ব্রিফিংয়ে রুহুল কবির রিজভী অভিযোগ করেন যে, গাজীপুর রিটার্নিং অফিসারের কার্যালয়ে বিশেষ গোয়েন্দা বাহিনীর সদস্যরা অবস্থান করে নির্বাচনকে শাসক দলের অনুকূলে নিতে নির্দেশনা দিচ্ছেন। এদিকে দুপুরে প্রধান নির্বাচন কমিশন কাজী রকিবউদ্দিনের সঙ্গে বিএনপি প্রতিনিধি দল সাক্ষাত্ করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার নির্বাচনে সরকারি কিছু কর্মকর্তা ফলাফল প্রভাবিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন । তিনি বলেন, রিটার্নিং অফিসে সরকারি কিছু কর্মকর্তা অবস্থান করছেন এবং তারা নির্বাচনের ফলাফল প্রভাবিত করার চেষ্টা করছেন। এদিকে, দুপুরে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় দেশে এখন ভোটের নীরব বিপ্লব চলছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, বিএনপি কোনো আন্দোলন বা কর্মসূচি না দিলেও দেশের মানুষ নীরব ভোট বিপ্লব ঘটাচ্ছে। মওদুদ আহমদ বলেন, গাজীপুর সিটি নির্বাচনের ফলাফল তাদের পক্ষে নেওয়ার ষড়যন্ত্র করছে।