কুমিল্লার শ্রীকাইলে পরীক্ষামূলক গ্যাস উত্পাদন শুরু

কুমিল্লার শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৩ নং কূপ থেকে পরীক্ষামূলকভাবে গ্যাস উত্পাদন শুরু করেছে বাপেক্স। গতকাল শনিবার বিকালে পরীক্ষামূলকভাবে এ গ্যাস সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পেট্রোবাংলার চেয়ারম্যান ড. হোসেন মনসুর। কুমিল্লার মুরাদনগর উপজেলার মকলিশপুরে অবস্থিত দেশের ২৫তম শ্রীকাইল গ্যাসক্ষেত্রের এ কূপ থেকে পরীক্ষামূলকভাবে প্রতিদিন ১৬ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন শুরু হলেও এ ক্ষেত্রটি থেকে প্রতিদিন গড়ে ২৮ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব বলে জানান পেট্রোবাংলার চেয়ারম্যান ড. হোসেন মনসুর। ২০১২ সালের জুলাই মাসে জেলার মুরাদনগরের মকলিশপুরে এ ক্ষেত্রটিতে গ্যাসের সন্ধান মিলে। ক্ষেত্রটি দেশের ২৫তম গ্যাসক্ষেত্র হলেও মুরাদনগরে এটি তৃতীয় গ্যাসক্ষেত্র। শনিবার বিকালে পরীক্ষামূলকভাবে গ্যাস সরবরাহের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবদুল বাকী, জেনারেল ম্যানেজার (জিএম) আলমগীর হোসেন, রাশিয়ার গ্যাজপ্রমের প্রধান প্রকৌশলী হুসেইন ইয়ারিভ এবং পেট্রোবাংলা ও বাপেক্সের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।