ইউনূস ও আমিনুল ইস্যু জিএসপি সুবিধা স্থগিতের কারণ
প্রকাশ : ০৬ জুলাই ২০১৩, ২৩:০৬
শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ও নিহত শ্রমিক নেতা আমিনুল ইসলাম ইস্যুতে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্য রফতানিতে প্রাপ্ত জিএসপি সুবিধা স্থগিত করেছে বলে মন্তব্য করেছে দি ইকোনোমিস্ট। বাংলাদেশের জিএসপি সুবিধা স্থগিত নিয়ে ৪ জুলাই পত্রিকাটির বেনিয়ান ব্লগে বলা হয়েছে, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের প্রতি ক্ষমতাসীন আওয়ামী লীগ বিরাগভাজন হওয়ার কারণেই জিএসপি সুবিধা বাতিল করার একটি কারণ বলে অনেক সমালোচক মনে করছেন। ২০১৩ সালে সর্বোচ্চ মার্কিন বেসামরিক সম্মাননা কনগ্রেশনাল পদকপ্রাপ্ত ড. ইউনূস আমেরিকার ‘প্রিয়ভাজন’ হিসেবে পরিচিত। এছাড়া ২০১২ সালে আমিনুল ইসলাম নামে এক শ্রমিক নেতা পুলিশি নির্যাতনে মারা যান। এ হত্যাকাণ্ডের ঘটনায় দেশে-বিদেশে সুশীল সমাজ ক্ষুব্ধ হয়। তাদের মধ্যে কেউ কেউ বাংলাদেশের জিএসপি সুবিধা স্থগিতের জন্য কাজ করেছে। ২০১৩ সালের জানুয়ারিতে ওয়াশিংটন টাইমস পত্রিকায় একটি নিবন্ধে বাংলাদেশের বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া বর্তমান শেখ হাসিনা সরকারের আমলে শ্রম অধিকার না দেয়া ও বিরোধী মত দমনের কারণে জিএসপি সুবিধা বাতিলের অনুরোধ করেছিলেন, এটিও ইকোনোমিস্টে উল্লেখ করে বলা হয়, বিএনপি এখন এটি অস্বীকার করছে।
বাংলাদেশের পোশাকশিল্প জিএসপি সুবিধা না পেলেও এই শিল্পের কারখানায় ক্রমাগত দুর্ঘটনা ঘটায় ও কারখানার পরিবেশে মানসম্মত না হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট জিএসপি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বলে ইকোনোমিস্টে উল্লেখ করা হয়।