মহাসড়কে পুলিশ পরিচয়ে
ছিনতাইকালে আটক দুই
চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় পুলিশ পরিচয়ে পণ্যবাহী ট্রাক ছিনতাইকালে দুজনকে আটক করেছে হাইওয়ে পুলিশ। এসময় ছিনতাই কাজে ব্যবহূত মোটরসাইকেল ও ছুরি উদ্ধার করা হয়। শনিবার রাত ৩টায় মহাসড়কের চান্দিনা উপজেলাধীন কুটুম্বপুর বাসস্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলো—কুমিল্লার তিতাস উপজেলার হরিপুর গ্রামের মো. অলি উল্লাহ ও একই জেলার কোতোয়ালি থানাধীন সৈয়দপুর গ্রামের হাসান। এসময় অপর ছিনতাইকারী পারভেজ পালিয়ে যায়। হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মনিরুল ইসলাম জানান, মহাসড়কে টহলরত হাইওয়ে পুলিশ ছিনতাইকালে তাদের ধাওয়া করলে তারা গ্রামের ভেতরের রাস্তা দিয়ে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ দুজনকে আটক করে চান্দিনা থানা পুলিশে হস্তান্তর করে।
মতলব উত্তরে ইয়াবাসহ দুইজন গ্রেফতার
মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পুলিশের পৃথক অভিযানে ৭২ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার হয়েছে। মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মুরশেদুল আলমের নেতৃত্বে এসআই ইদ্রিস মিয়া, এএসআই আবুল কালাম, সুলতান আহম্মেদ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে উপজেলা ছোট হলদিয়া গ্রামের মহসিন মিয়া প্রধানকে শনিবার গভীর রাতে ছোট হলদিয়া গ্রাম এলাকা থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। অন্যদিকে এসআই মো. গোলাম মোস্তফা, এএসআই কাজী হাবিবুর রহমান, জহিরুল ইসলাম মাদকবিরোধী অভিযান চালিয়ে একই গ্রামের মোহাম্মদ আলী সরকারকে ছোট হলদিয়া গ্রাম এলাকা থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।
উভয়ের বিরুদ্ধে মতলব উওর থানায় মাদক আইনে মামলা হয়েছে।
রাজৈরে মজিবর হত্যার বিচার দাবিতে
বিক্ষোভ মিছিল-মানববন্ধন
টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের মঠবাড়ী গ্রামে মসজিদের ভেতর ঢুকে মজিবরকে কুপিয়ে হত্যার প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী। নৃশংস এই হত্যার বিচার ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে রবিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী আমগ্রাম-সানেরপাড় সড়কে অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নিহত মজিবরের স্ত্রী নাছিমা বেগম, ছেলে রুবেল, রেজাউল, শাহিন প্রমুখ। রাজৈর থানার ওসি শাহজাহান মিয়া জানান,গত মঙ্গলবার তারাবির নামাজ পড়ার সময় মামাতো ভাই লিংকন ও আশরাফ লোকজন নিয়ে মজিবরকে মসজিদের ভেতর কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে নিহতের স্ত্রী নাছিমা বেগম বাদী হয়ে জুয়েল মেম্বরকে প্রধান আসামি করে ৪২ জনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা দায়ের করে। পুলিশ আবদুল কাদের নামে একজনকে গ্রেফতার করেছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
শ্যামনগরে ইয়াবাসহ বাবা-ছেলে আটক
শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা মাদকবিরোধী অভিযানে বাবা ও ছেলেকে ইয়াবাসহ আটক করেছে শ্যামনগর থানা পুলিশ। রবিবার দুপুর একটার দিকে উপজেলার পশ্চিম বিড়ালাক্ষী মহিলা মাদ্রাসা সংলগ্ন ব্রিজে ইয়াবা বিক্রির সময় এসআই নুর কামাল তাদের আটক করেন। এসময়ে উভয়কে তল্লাশি করে ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতরা হলো- পশ্চিম বিড়ালাক্ষী গ্রামের মোজাম্মেল মোল্যার ছেলে জাহানুর মোল্যা ও তার ছেলে বুলবুল মোল্যা। শ্যামনগর থানার ওসি হাবিল হোসেন বলেন, আটককৃতরা ইয়াবা ব্যবসায়ী জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। মাদক আইনের মামলায় বাবা ও ছেলেকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
০