রমজান উপলক্ষে কাঁচা মরিচসহ কয়েকটি পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা

আসন্ন পবিত্র রমজান উপলক্ষে বাজারে সরবরাহ বাড়াতে কাঁচামরিচ, বেগুন, শশা ও ধনিয়াপাতা রফতানি বন্ধ ঘোষণা করেছে সরকার। আগামী ৭ আগস্ট পর্যন্ত এক মাস এই পণ্যগুলো রফতানি বন্ধ থাকবে। আজ ৭ জুলাই থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। গত ৪ জুলাই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভোক্তাদের চাহিদা মেটাতেই রফতানি বন্ধের এ উদ্যেগ নেয়া হয়েছে। এতে বাজারে এ পণ্যগুলোর সরবরাহ বাড়বে। ফলে দামও স্বল্প আয়ের মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে বলে সূত্র আশা করছে। এদেক রফতানি বন্ধের এ সিদ্ধান্তে সরকারকে অভিনন্দন জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। উল্লেখ্য, রমজানে যেন কোন ধরনের নিত্যপণ্যের দাম না বাড়ে সেজন্য সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। নিত্যপণ্যের মূল্য নির্ধারণ করে এর তালিকা প্রতিটি বাজারে টাঙ্গানোর পাশাপাশি সরকারের বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) স্বল্প মূল্যে খোলাবাজারে ভোজ্যতেল, চিনি, মসুর ডাল ও ছোলা বিক্রি করছে। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের ১৪টি টিম নিয়মিত বাজার মনিটরিং করছে।