ইসলাম বিরোধী শক্তির মোকাবিলায় ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকুন

হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফী ইসলাম বিরোধী শক্তির মোকাবেলায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকতে তৌহিদী জনতার প্রতি আহ্বান জানিয়েছেন। সৌদি আরবের মদিনা শাখা হেফাজতে ইসলামের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সমাবেশে আল্লামা শাহ্ আহমদ শফী বলেন, ইসলামের শত্রুরা ভেবেছিল ৫ মে শাপলা চত্বরে লাখো জনতার মহাসমাবেশে গণহত্যা চালিয়ে ইসলামকে নিশ্চিহ্ন করা যাবে। কিন্তু তাদের আকাঙ্ক্ষা কখনও পূরণ হবে না। নবীপ্রেমিক তৌহিদী জনতা ইতিমধ্যে গোটা দেশে বহুগুণ ঈমানী শক্তি নিয়ে আরও বৃহত্ আন্দোলনের জন্য প্রস্তুতি নিয়েছে। সারা বাংলাদেশে অভূতপূর্ব জাগরণ সৃষ্টি হয়েছে। জনতার এই মহাজাগরণ ঠেকানোর শক্তি কারও নেই। গত শুক্রবার আসর নামাজের পর পবিত্র মদিনা মুনাওয়ারা নগরীর ওয়েস্টার্ন হারেসিয়া হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন মদিনা শাখার সভাপতি মাওলানা সাইয়েদ রফিকুল ইসলাম মাদানী।