সিরিয়ায় সেনাবাহিনীর অস্ত্র গুদামে ভয়াবহ বিস্ফোরণ

সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় লাটাকিয়া প্রদেশে সেনাবাহিনীর কয়েকটি অস্ত্র গুদামে শুক্রবার ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বহু লোক হতাহত হয়েছে বলে মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে। মানবাধিকার সংস্থাটির পরিচালক রামি আব্দেল রহমান বলেন, অস্ত্র গুদামগুলোতে বিস্ফোরণে বেশ কয়েকজন মারা গেছে বলে জানা গেছে। এছাড়া এতে আহতের সংখ্যাও কম নয়। তিনি জানান, গুদাম ঘরগুলোতে রকেট হামলায় এ ধরনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে সেরকম তথ্যই পাওয়া গেছে। তবে এ হামলার পিছনে কারা জড়িত সে সম্পর্কে নিশ্চিত কোন তথ্য এখনো পাওয়া যায়নি। এদিকে বিমান বাহিনী হমসের মধ্যাঞ্চলে বিদ্রোহীদের ঘাঁটিতে কমপক্ষে তিনটি হামলা চালিয়েছে। এখানে স্থলবাহিনী বিদ্রোহীদের বিরুদ্ধে সন্মুখযুদ্ধ করছে। হিউম্যান রাইটস অবজারভেটরি আরো জানায়, হমসের পুরনো শহর এবং খালিদিয়া জেলায় কামানের গোলাবর্ষণ চলছে। সরকারি সৈন্যদের জাতীয় প্রতিরক্ষা মিলিশিয়া বাহিনীও সমর্থন দিচ্ছে। এছাড়া লেবাননের শিয়া গ্রুপ হিজবুল্লাহর সদস্যরা তাদের জোরালো সমর্থন দিচ্ছে। অন্যদিকে বৃহস্পতিবারে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে সরকারি বাহিনীর আট সৈন্য নিহত হয়েছে। এদিন গোটা সিরিয়ায় বিভিন্ন স্থানে সংঘর্ষে ১০৬ জন নিহত হয়েছে। এর মধ্যে ৩৮ জন বেসামরিক নাগরিক, ৪৬ জন বিদ্রোহী ও ২২ জন সৈন্য রয়েছে। ২০১১ সালের মার্চ থেকে শুরু হওয়া এ সংঘর্ষে দেশটিতে গত জুন পর্যন্ত ৯৩ হাজার লোক মারা গেছে বলে জাতিসংঘের হিসাবে বলা হয়েছে। তবে বেসরকারি হিসাবে এ সংখ্যা আরো বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। দেশটিতে এ মারাত্মক অবস্থায় সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন গত শুক্রবার জাতিসংঘ এবং পশ্চিমা বিশ্বের কাছে বিদ্রোহীদের সহায়তা করার জন্য আবেদন জানিয়েছে। তারা কালবিলম্ব না করে এ ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য বলেছেন। সেইসঙ্গে তারা সরকারি বাহিনীর কারণে অবরুদ্ধ বিদ্রোহীদের এলাকায় ওষুধ ও খাবার সরবরাহের আবেদন জানিয়েছেন।