জাপানের উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছেন প্রধানমন্ত্রী অ্যাবে

জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের ক্ষমতাসীন জোট চলতি মাসের নির্বাচনে উচ্চ কক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। শনিবার সংবাদপত্রের জরিপে একথা বলা হয়। এএফপির খবরে বলা হয়, জাপানে উচ্চ কক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেলে আইন প্রণয়নের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পাবেন অ্যাবে এবং তাকে তিন বছরের জন্য আর ভোটের মুখোমুখী হতে হবে না। নিক্কেই সংবাদপত্র, কিয়োডো নিউজ ও আসাহি শিম্বুনের পৃথক জরিপ থেকে জানা যায়, জাপানের লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও তাদের মিত্র জোট আগামী ২১ জুলাই উচ্চ কক্ষের নির্বাচনে ২৪২ আসনের মধ্যে অর্ধেকেরও বেশি আসনে অনায়াসে জয় পেতে যাচ্ছে। ক্ষমতাসীন জোটের জাপানের উচ্চ কক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেতে ৬৩ আসনে জয় প্রয়োজন।