যুবরাজ হ্যারি এখন অ্যাপাচি কমান্ডার
প্রকাশ : ০৬ জুলাই ২০১৩, ২৩:২০
ব্রিটিশ যুবরাজ হ্যারি অ্যাপাচি হেলিকপ্টার কমান্ডার পদে যোগ্যতা অর্জন করেছেন। হ্যারির অধিনায়ক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল টম ডে লা রুয়ে জানিয়েছেন, এই যোগ্যতা তাকে তার কর্মক্ষেত্রে অনেক উচ্চপদে নিয়ে যাবে। দীর্ঘ তিনবছর প্রশিক্ষণ শেষে হ্যারি এই যোগ্যতা অর্জন করেছেন বলে জানান রুয়ে।
রুয়ে বলেন, “এটি ছিল ক্যাপ্টেন ওয়েলসের জন্য একটি বিশাল অর্জন।” ব্রিটিশ সেনাবাহিনীতে হ্যারি ক্যাপ্টেন ওয়েলস হিসাবে পরিচিত। ব্রিটিশ সিংহাসনের তৃতীয় উত্তরাধিকারী যুবরাজ হ্যারি। চলতি বছরের জানুয়ারিতে তিনি আফগানিস্তানে ২০ সপ্তাহের দায়িত্ব পালন শেষে ফিরে আসেন। দেশের হয়ে তিনি দ্বিতীয়বারের মতো আফগানিস্তানে দায়িত্ব পালন করেন। প্রশিক্ষণের শুরুর দিকে তিনি শ্রেষ্ঠ কো-পাইলট গানার হিসাবে পুরস্কার পান। সেনাবাহিনীতে তার ভূমিকা ব্রিটেনে তার ভাবমূর্তি উজ্জ্বল করেছে। এর মধ্যদিয়ে তিনি রাজকীয় উচ্ছৃঙ্খল সন্তানের তকমা থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। হ্যারির বড়ভাই যুবরাজ উইলিয়ামও একজন হেলিকপ্টার পাইলট। রাজকীয় বিমান বাহিনীতে তিনি তল্লাশি ও উদ্ধারকারী পাইলট হিসেবে কর্মরত রয়েছেন।