জনগণ সরকারকে প্রত্যাখ্যান করেছে

বিএনপি স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার এমপি বলেছেন, পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে ১৮ দলীয় জোট প্রার্থীদের বিজয়ই প্রমাণ হয়েছে জনগণ সরকারকে প্রত্যাখ্যান করেছে। এ সরকারকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না। রবিবার হোমনার নিলখি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমকে আনোয়ার বলেন, দেশের জনগণ বর্তমানে একটি দুঃসময় অতিক্রম করছে। খুন, অপহরণ, আশংকাজন হারে বৃদ্ধি পাচ্ছে। সর্বত্র মানুষ আতংকের মধ্যে দিন কাটাচ্ছে। সরকারের ইসলাম বিরোধী কর্মকাণ্ডে দেশবাসী সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাই অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দিয়ে জনগণের রায়ের প্রতি সম্মান দেখানোর জন্য তিনি সরকারের প্রতি আহবান জানান। নিলখি ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুদ্দিন আহমেদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সেক্রেটারী অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, বিএনপি নেতা মিজানুর রহমান, শেফালী বেগম প্রমুখ।