মিষ্টি আঙ্গুরের চাষ হচ্ছে নওগাঁয়
প্রকাশ : ০৭ জুলাই ২০১৩, ২১:৩৩
নওগাঁ সদরের একটি আঙ্গুর ক্ষেতের সফলতা বাংলাদেশে সুমিষ্ট আঙ্গুর চাষের সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে। নওগাঁ সদর উপজেলার বরুনকান্দি গ্রামের সালাহ্উদ্দিন উজ্জল ১৯৯৯ সালে নওগাঁ সরকারি ডিগ্রী কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স পাস করে চাকরি নেয়। চাকরির সীমাবদ্ধ বেতনের বাইরে কোন কিছু করার প্রত্যাশায় মাথায় আসে বাড়তি আয়ের চিন্তা। সেই থেকে প্রথমে ৭ বিঘায় স্ট্রবেরি চাষে লোকসান দিয়ে লীজ নেয়া ৩ বিঘায় শুরু করে আঙ্গুর চাষ। অষ্ট্রেলিয়া থেকে সাড়ে ৩শ’ আঙ্গুর গাছের কলম চারা সংগ্রহ করে একই জমিতে স্ট্রবেরি ও কালো এলাচ চাষ শুরু করে। স্ট্রবেরি, কালো এলাচ ও আঙ্গুর চাষ করতে খরচ করে প্রায় আড়াই লাখ টাকা। স্ট্রবেরি বিক্রি করে পায় সাড়ে তিন লাখ টাকা। এরপর ৮০টি আঙ্গুর গাছের মধ্যে ৫২টি গাছ থেকে পায় ৭০ কেজি আঙ্গুর।
২শ’ টাকা কেজি হিসেবে ১ মণ বিক্রি করে ৮ হাজার টাকায়। এখানেই শেষ নয়, ৬ হাজার কলম চারা তৈরি করেছে। এর মধ্যে সাড়ে ১২শ’ চারা দেড়শ’ থেকে ২শ’ টাকায় বিক্রি করে পেয়েছে ২ লাখ টাকা। একবিঘা জমিতে ২০০টি আঙ্গুর গাছ হয়। প্রতিটি গাছ থেকে বছরে দু’বারে প্রায় ৪০ কেজি আঙ্গুর পাওয়া সম্ভব। কৃষক ইব্রাহিম হোসেন, হারুনূর রশীদ জানান, উজ্জলের সাফল্য দেখে অনেকেই আঙ্গুর চাষে আগ্রহী হয়ে উঠছেন। নওগাঁ কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এসএম নুরুজ্জামান জানান, পরিকল্পিতভাবে আঙ্গুর চাষ করলে আমদানির উপর চাপ কমবে।