চব্বিশ মুক্তিযোদ্ধাকে সম্মাননা

রাজশাহী বিভাগের খেতাবপ্রাপ্ত ২৪ মুক্তিযোদ্ধাকে গত শনিবার সম্মাননা দিয়েছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। নগরীর পোস্টাল একাডেমীর সম্মেলন কক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাকাবের ব্যবস্থাপনা পরিচালক মোফাজ্জল হোসেন। প্রধান অতিথি ছিলেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. এম. শাহ্ নওয়াজ আলী, বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পরিষদের পরিচালক হেলালুদ্দীন আহমেদ, একরাম হোসেন, অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামাণিক। বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক আবদুল খালেক খান, প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক (নিরীক্ষা, হিসাব ও আদায় পরিচালন) মেসবাহ উদ্দিন আহমেদ, মহাব্যবস্থাপক (পরিচালন) নিশীথ কুমার সাহা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন পাহাড়ী বীরপ্রতীক ও যুগ্ম-সম্পাদক আলহাজ্ব শরীফ উদ্দিন আহমেদ, রাজশাহী মহানগর কমান্ডের আহ্বায়ক ডা. আব্দুল মান্নান প্রমুখ। সম্মাননা প্রাপ্তদের মধ্যে অধ্যাপক মো. শামসুল আলম বীর প্রতীক, মো. বদিউজ্জামান বীর প্রতীক, মেজর জেনারেল (অব.) জামিল উদ্দীন আহসান বীর প্রতীক ও শহীদ মুক্তিযোদ্ধা মেজর রওশন ইয়াজদানী বীর প্রতীকের মাতা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে রাকাব চেয়ারম্যান রাজশাহী বিভাগের ৬ জন বীর বিক্রম ও ১৮ জন বীর প্রতীকের হাতে ব্যাংকের পক্ষ থেকে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন। সম্মাননাপ্রাপ্তরা হলেন- (জীবিত) বীর বিক্রম: মো. আব্দুল খালেক, মেজর জেনারেল হেলাল মোর্শেদ খান; বীর প্রতীক: অধ্যাপক মো. শামসুল আলম, মো. বদিউজ্জামান টুনু, মো. নূর হামিম রিজভী, ডা. মাহববুল আলম, সুবেদার আবু সাঈদ খান, শেখ সোলায়মান আলী, মো. হোসেন আলী তালুকদার, আনোয়ার হোসেন পাহাড়ী, নজরুল ইসলাম, মো. আজাদ আলী, মেজর জেনারেল (অব:) জামিল উদ্দীন আহসান, ও এ কে খন্দকার এবং শহীদ মুক্তিযোদ্ধারা হলেন- বীর বিক্রম: মহর আলী, কামরুজ্জামান (বিপি), নায়েক সুবেদার শাহ আলী আকন্দ, জিল্লুর রহমান, মুজাহিদ আবদুস সালাম, হাবিলদার আব্দুর রহমান, মেজর রওশন ইয়াজদানী, মোদাচ্ছের হোসেন (মধু), আব্দুল মালেক ও হাবিলদার আজিজুর রহমান।