তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা প্রসঙ্গে

এসভিআরএস-এর জরিপমতে বাংলাদেশে বর্তমানে ডাক্তার প্রতি রোগীর সংখ্যা ৬৫৭৯ জন। সেই হিসাবে আমাদের চিকিত্সাসেবার মান খুবই নিম্নমানের। এ অবস্থা দূর করতে ৩৯তম বিশেষ বিসিএসের মাধ্যমে কমপক্ষে সাত থেকে দশ হাজার জন ডাক্তার নিয়োগের আশ্বাস দিয়েছিলেন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী। কিন্তু বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) থেকে গত ৩০ এপ্রিল প্রকাশিত ফলাফলে মাত্র ৪৭৯২ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। এই ফলাফল প্রকাশের আগে জানানো হয়েছিল যে, দেশে ডাক্তার ঘাটতি থাকায় পদ সংখ্যা আরো অন্তত ২২০০টি বাড়িয়ে মোট ৭০০০ জন ডাক্তার নিয়োগের জন্য চাহিদাপত্র স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। কিন্তু সেখান থেকে কোনো সদুত্তর না পাওয়ায় ৪৭৯২ জনকেই নিয়োগের সাময়িক সুপারিশ করেন বিপিএসসি। সম্প্রতি নিয়োগ বঞ্চিতদের একটি অংশ বিপিএসসির সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে সাক্ষাত্ করলে তিনি জানান, এখনো যদি তাঁকে আরো ডাক্তার নিয়োগের নির্দেশনা দেওয়া হয় তবে তিনি তা করবেন। এ অবস্থায়, অন্তত আরো ২২০০ জন ডাক্তার নিয়োগ দেওয়া হলে ডাক্তার ঘাটতি কিছুটা হলেও পূরণ হবে এবং তৃণমূল পর্যায়ে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে। পরিশেষে, ৩৯তম বিশেষ বিসিএসে আরো ডাক্তার নিয়োগের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপ কামনা করছি। 

জুনায়েদ আহমেদ. রাজশাহী