৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের ভরসা একজন চিকিত্সক

উপজেলার ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স ১২ জন চিকিত্সকের মধ্যে ১১টি পদই দীঘদিন শূন্য রয়েছে। একজন মাত্র চিকিত্সক চিকিত্সা দিয়ে যাচ্ছেন। জানা গেছে, ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ১২ জন বিশেষজ্ঞ চিকিত্সকসহ মেডিক্যাল অফিসার থাকার কথা থাকলেও সে স্থলে মাত্র একজন মেডিক্যাল অফিসার দায়িত্ব পালন করছে। স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ১২ জন চিকিত্সকের পদ থাকলেও একজন বাদে অন্যরা উচ্চ ডিগ্রী লাভের আশায় বদলি নিয়ে অন্যত্র চলে গেছে। একদিকে টিএইচএ ও আবাসিক মেডিক্যাল অফিসার বদলিজনিত কারণে পদটি শূন্য থাকায় প্রশাসনিক ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। ওয়ার্ডের বেডগুলো পড়ে থাকছে প্রায় শূন্য অবস্থায়। কোন কোন সময় ওয়ার্ড বয় ও অফিস পিয়নরা চিকিত্সা সেবা দিয়ে আসছে। এ ছাড়া দীর্ঘদিন থেকে এক্সরে মেশিনটি নষ্ট। ল্যাবগুলো সব সময় থাকছে তালাবদ্ধ। জরুরি রোগী বহনকারী সরকারি অ্যাম্বুলেন্সটি বিকল থাকায় রোগী বহন করা সম্ভব হচ্ছে না। কর্তব্যরত একমাত্র চিকিত্সক ডা. মলয় কুমার বর্মণ জানান, এভাবে একটি স্বাস্থ্য কমপ্লেক্স চলতে পারে না। এভাবে চলতে থাকলে সরকারের স্বাস্থ্য নীতি ভেস্তে যাবে।