সুন্দরগঞ্জে লাল চাঁন্দ বয়স্ক ভাতা পাননি

বয়সের ভারে নুইয়ে পড়া লাল চাঁন্দের ভাগ্যে আজও জোটেনি সরকারি অনুদান কিংবা বয়স্ক ভাতা। জানা গেছে, উপজেলার উত্তর মরুয়াদহ (মাঝিপাড়া) গ্রামের ভিটেমাটি হারা হতদরিদ্র লাল চাঁন্দ দাসের ঠাঁই এখন শোভাগঞ্জ-ধাপাচিলা রাস্তার পাশে একটি ঝুপড়ি ঘরে। ৭ সন্তানের মধ্যে ৬ কন্যাকে বিয়ে দিলে তারা অন্যত্র চলে যায়। ১ পুত্র সন্তান নিয়ে অতিকষ্টে সংসার চালালেও বছরের বেশিভাগ দিনই তাদের কাটে অর্ধাহারে-অনাহারে। বর্তমানে স্ত্রী-পুত্র-পুত্রবধূ-নাতী-নাতনী মিলে ৬ জনের সংসারে অভাব-অনটন লেগেই আছে। স্থানীয় চেয়ারম্যান মেম্বাররা কোনদিন তার খোঁজ-খবর রাখেন না। বয়সের ভারে নুইয়ে পড়া ৯০ বছর বয়সী লাল চাঁন্দ জানান, বয়স্ক ভাতা নিতে গেলে টাকা চায়। তিনি টাকা দিতে পারেন না বলে আজও তার ভাগ্যে জোটেনি বয়স্ক ভাতা। তার প্রশ্ন আর কত বয়স হলে জুটবে বয়স্ক ভাতা।