রমজানে আর্থিক প্রতিষ্ঠান খোলা বিকাল ৪টা পর্যন্ত

রমজানে ব্যাংকের মত ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানেরও অফিস সময় পরিবর্তন হবে। এসব প্রতিষ্ঠান সকাল সাড়ে ৯টা থেকে বিকালে ৪টা পর্যন্ত খোলা থাকবে। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ গতকাল রবিবার এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর শীর্ষ নির্বাহীদের পাঠিয়েছে। এর আগে ব্যাংকের লেনদেন ও অফিস খোলার সময়সূচির পরিবর্তন বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছিল বাংলাদেশ ব্যাংক। নতুন সময়সূচি অনুসারে নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে রমজানে সকাল সাড়ে ৯ টায় অফিস শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত। থাকবে দুপুর সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত নামাজের বিরতি। এর আগে ৪ জুলাই ব্যাংকের লেনদেন ও অফিস খোলার সময়সূচি দেয়া হয়। এ অনুযায়ী রমজানে সকাল সাড়ে ৯টা থেকে ব্যাংকের লেনদেন শুরু হয়ে চলবে আড়াইটা পর্যন্ত। আর ব্যাংকের অফিস খোলা থাকবে বিকেল ৪টা পর্যন্ত। অন্যদিকে সরকার গত ২৪ জুন রমজানে সরকারি অফিস-আদালতের জন্য নতুন সময়সূচি ঘোষণা করে। সূচি অনুসারে সকাল সাড়ে ৯টায় অফিস শুরু হয়ে চলবে বেলা সাড়ে ৩টা পর্যন্ত।