ভোট কারচুপির অভিযোগ
না’গঞ্জের আড়াইহাজারে পৌরসভা নির্বাচনি ফল প্রত্যাখ্যান বিএনপির
প্রকাশ : ০৭ জুলাই ২০১৩, ২২:৪৭
ভোট কারচুপি, কেন্দ্র দখল, এজেন্টদের বের করে দেয়া ও আগে থেকে ব্যালটে সীল মারার অভিযোগ তুলে নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুটি পৌরসভা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে উপজেলা বিএনপি।
শনিবার ভোটের পর রবিবার ফলাফল সম্পর্কে এক বিবৃতিতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি বদরুজ্জামান খান খসরু বলেন, ভোটের আগের দিন শুক্রবার রাত সাড়ে ৯টা থেকে বিভিন্ন মাধ্যমে খবর আসে উপজেলার দুপতারা ইউনিয়নে স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবু, তার অনুগামী ব্রাক্ষন্দ্রী ইউনিয়নের চেয়ারম্যান লাক মিয়াসহ আরো কয়েকজন মিলে ব্যালট বাক্সে আগে থেকেই সীল মেরেছে। শনিবার বেশ কয়েকটি কেন্দ্রে সকালে বিএনপি সমর্থিত প্রার্থীদের পোলিং এজেন্টদের প্রবেশ করতে দেয়া হয়নি। ওই সময়টাতেই ব্যালট পেপারগুলো বাক্সে ফেলা হয়। শুক্রবার ব্যালটে সীল মারার সময় জেলা নির্বাচন কর্মকর্তা তারিফুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) জীবন কান্তি সরকার, নারায়ণগঞ্জ র্যাব-১১ এর মেজর আরিফকে মোবাইল ফোনে জানানো হয়। সে সময় তারা নিশ্চিত করেন এরকম কিছু হলেও কেউ সে ব্যালট বা বাক্স নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। কিন্তু শনিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হলেও বিএনপি সমর্থিত পারভীন আক্তারের দোয়াত কলমের এজেন্টদের সকাল ৯টার পর ভোট কক্ষে প্রবেশ করতে দেয়া হয়। এই ১ ঘণ্টা ভোট কক্ষে কি হয়েছে তা কারো জানা নেই। বিকেলে ভোট গ্রহণ শেষে পুনরায় দোয়াত কলমের এজেন্টদের বের করে দেয়া হয়।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা তারিফউজ্জামান বলেন, ব্যালট বাক্সে সীল মারার অভিযোগ করার পর আমরা বিষয়টি খতিয়ে দেখি। কিন্তু এর সত্যতা খুঁজে পাইনি।
প্রসঙ্গত শনিবার অনুষ্ঠিত আড়াইহাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হাবিবুর রহমান ও গোপালদি পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হালিম শিকদার মেয়র পদে জয়ী হন।