রাজধানীতে অস্ত্রসহ ডাকাত সর্দার গ্রেফতার
প্রকাশ : ০৭ জুলাই ২০১৩, ২২:৪৭
রাজধানীর শ্যামপুর থেকে সিদ্দিকুর রহমান বাবু ওরফে সিদ্ধি বাবু নামে এক ডাকাত সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুর পৌনে তিনটার দিকে পোস্তগোলা শশ্মানঘাট থেকে একটি বিদেশি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়েছে।
শ্যামপুর থানার ওসি আবদুর রশিদ জানান, গ্রেফতার হওয়া দুই ডাকাতকে জিজ্ঞাসাবাদে জানা যায়, রোববার দুপুরে সিদ্ধি বাবু শ্যামপুরের শশ্মানঘাটে আসছে। আগে থেকেই পুলিশ সেখানে অবস্থান নেয়। পরে কৌশলে বাবুকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
গত ১৬ এপ্রিল গভীর রাতে শ্যামপুরে ডাকাতির প্রস্তুতির খবরে অভিযান চালাতে গেলে পুলিশের সঙ্গে ডাকাতদের গুলিবিনিময় হয়। ওই ঘটনায় হেলালউদ্দিন নামে এক এসআই গুলিবিদ্ধ হয়। পরে ঘটনাস্থল থেকে দুই ডাকাতকে গ্রেফতার করা হলেও গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত সর্দার বাবু পালিয়ে যায়। গ্রেফতারের পর তার শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে।