ঢাবির ৬২ মেধাবী ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদান

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান প্রযুক্তিকে কাজে লাগিয়ে সময় বাঁচিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয় একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিবিএ ও এমবিএ-এর বিভিন্ন ব্যাচের ৬২ মেধাবী ও অসচ্ছল ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এ আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবশ্যই নেতৃত্ব দেবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রত্যেককে মাসিক ২ হাজার টাকা করে ১ বছরের জন্য বৃত্তি প্রদান করা হয়। বিভাগের সান্ধ্যকালীন এমবিএ প্রোগ্রামের অর্জিত আয় থেকে এই বৃত্তি প্রদান করা হয়। বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী এবং সম্মানিত অতিথি ছিলেন বিজনেস স্ট্যাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. শিবলী রুবাইয়াতুল ইসলাম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক ড. সরোজ কুমার সাহা, একাউন্টিং অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি এসএম মহিউজ্জামান বাবর এবং বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে শান্তা আক্তার ও ফারজানা আক্তার।