আইন করে খাদ্যে ভেজাল প্রতিরোধ অত্যন্ত কঠিন কাজ :খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, খাদ্যে ভেজাল প্রতিরোধ করতে আইন প্রয়োগের সাথে সাথে জনগণের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে। তিনি বলেন, শুধু আইন করে খাদ্যে ভেজাল প্রতিরোধ করা অত্যন্ত কঠিন কাজ। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মিলনায়তনে ‘রমজানে নিরাপদ খাদ্য ও সুস্বাস্থ্য’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় খাদ্যমন্ত্রী রবিবার একথা বলেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ফার্মেসি বিভাগ যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। খাদ্যমন্ত্রী বলেন, নিরাপদ খাদ্যের বিষয়টি শুধু রমজানের সাথেই সম্পৃক্ত নয়, যে কোন সময়ের জন্য প্রত্যেকটি নাগরিকের নিরাপদ খাদ্যপ্রাপ্তি নিশ্চিত করা প্রয়োজন। সরকার খাদ্যে ভেজাল ও রাসায়নিক দ্রব্য মিশ্রণ প্রতিরোধে নতুন আইন প্রণয়ন করছে। ইতিমধ্যেই মন্ত্রিসভা আইনটি অনুমোদন দিয়েছে। সহসাই এ আইন সংসদে তোলা হবে। তিনি বলেন, খাদ্যে ভেজাল ও রাসায়নিক দ্রব্য সংমিশ্রণের বিষয়টি গোটা জাতিকে উদ্বিগ্ন করে তুলেছে। ভেজাল খাদ্য গ্রহণ করায় দেশে অসংক্রামক রোগ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম লুত্ফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন ড. জাকির হোসেন, অধ্যাপক মিজানুর রহমান।