পুলিশকে ১২টি এলইডি টিভি দিল স্যামসাং
প্রকাশ : ০৭ জুলাই ২০১৩, ২২:৪৮
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কন্ট্রোল রুমে ব্যবহারের জন্য ১২টি ৪০ ইঞ্চি এলইডি টিভি উপহার দিলেন স্যামস্যাং ইলেক্ট্রনিক্স কোম্পানি লিমিটেড। গতকাল রবিবার ডিএমপি হেডকোয়ার্টারের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে পুলিশ কমিশনার বেনজীর আহমেদের হাতে এই উপহার তুলে দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যামস্যাংয়ের বাংলাদেশ ব্রাঞ্চের কান্ট্রি ম্যানেজার চুন সো মুন, ইলেস্ট্রা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান সানাউল্লা সহীদ ও স্যামস্যাংয়ের জিএম এসএ জুনায়েদ ছাড়াও ডিএমপি’র অতিরিক্ত কমিশনার আব্দুল জলিল মন্ডল ও ইব্রাহীম ফাতেমী, উপ-কমিশনার আনোয়ার হোসেন, ইমাম হোসেন ও মাসুদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ বলেন, পুলিশের যেকোনো কাজে সহায়তা করা জনগণের নিরাপত্তার ক্ষেত্রে সরাসরি বিনিয়োগ। এর সুফল সরাসরি জনগণ ভোগ করে থাকে। স্যামস্যাংয়ের কান্ট্রি ম্যানেজার মি. চুন সো মুন বলেন, ডিএমপির জনমুখী পুলিশি কর্মকাণ্ডে স্যামস্যাং যুক্ত হতে পেরে গর্বিত।