উজানের পানিতে পঞ্চগড় প্লাবিত

অবিরাম বর্ষণ ও ভারতের উজান থেকে বয়ে আসা পানিতে পঞ্চগড়ের পাঁচ উপজেলার শহর ও গ্রামাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ১০ হাজার মানুষ। বীজতলা, আমন ক্ষেত, বিভিন্ন ফল ও ফসলের ক্ষেত পানিতে ডুবছে। ভেসে যাচ্ছে পুকুরের মাছ। বোদা ও আটোয়ারী উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে দুর্দশাগ্রস্ত মানুষের মধ্যে সরকারিভাবে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। সরেজমিন গিয়ে দেখা গেছে, টাঙ্গন নদীর পানি বেড়ে যাওয়ায় বোদা-আটোয়ারী মহাসড়ক কোথাও হাঁটু পানি আবার কোথায় কোমর পানিতে তলিয়ে গেছে। এ সড়কে যান চলাচল বন্ধ। এছাড়া রানীগঞ্জ বাজারসহ বেশ কয়েকটি বাজার ও গ্রামাঞ্চলের রাস্তা পানিতে তলিয়ে গেছে। টাঙ্গন ব্রীজের উজান ও ভাটিতে ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। বেশ কিছু ঘর ও বাড়ি ইতিমধ্যে নদীতে ভেঙ্গে গেছে। অনেক স্কুলে পানি উঠার ফলে এসব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। বোদা উপজেলা সদরের পাথরাজ নদীর পানি বেড়ে গিয়ে নদীর উভয়পাশের পাঁচটি গ্রাম পানিতে তলিয়ে গেছে। ইসলামাগ, ঝিনুক নগর, গুচ্ছগ্রাম, কলেজপাড়া, হ্যালিপ্যাড গ্রামের পানিবন্দি লোকজনদের সকালে বোদা পাইলট মডেল স্কুল এন্ড কলেজের আশ্রয় কেন্দ্রে সরিয়ে আনা হয়েছে।