চাঁদ দেখা কমিটির সভা কাল

পবিত্র রমজান মাস কবে শুরু হবে তা নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা অন্য কোনো উপায়ে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭। সকল মসজিদে একই পদ্ধতিতে তারাবীহ নামাজ পড়ার আহ্বান ইসলামিক ফাউন্ডেশন পবিত্র রমজানের খতম তারাবীহ পড়ার সময় দেশের সকল মসজিদে একই পদ্ধতি অনুসরণের আহ্বান জানিয়েছে। দেশের সকল মসজিদে খতম তারাবীহতে প্রথম ৬ দিনে দেড় পারা করে ও পরবর্তী ২১ দিনে এক পারা করে তিলাওয়াতের মাধ্যমে পবিত্র লাইলাতুল ক্বদরে কুরআন খতমের জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে মসজিদের ইমাম, মসজিদ কমিটি, মুসল্লি এবং সংশ্লিষ্ট সকলের নিকট অনুরোধ জানানো হচ্ছে।