আজ থেকে দিনাজপুরে দর্জি দোকান মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট
স্টাফ রিপোর্টার, দিনাজপুর
প্রকাশ : ০৭ জুলাই ২০১৩, ২৩:০২
জেলায় দর্জি দোকান মালিকরা আজ সোমবার রাত ৮টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে। ঈদের আগে দর্জি কারিগরদের ‘অযৌক্তিক’ মজুরি বৃদ্ধির দাবির প্রতিবাদে এ ধর্মঘট আহ্বান করা হয়েছে। দিনাজপুর প্রেসক্লাবে গতকাল রবিবার অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দিতে দিনাজপুর দর্জি মালিক সমিতি সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে দিনাজপুর দর্জি মালিক সমিতির সভাপতি বৈদ্যনাথ রায় অভিযোগ করে বলেন, দর্জি কারিগররা রমজান মাস এলেই মজুরি বৃদ্ধির দাবিতে ধর্মঘট করে। আমরা তাদের আলোচনার প্রস্তাব দিলেও কেউ আমাদের সাথে আলোচনা করেনি। তারা আমাদের সাথে আলোচনা না করলে আজ সোমবার রাত ৮টা থেকে দিনাজপুরের সব দর্জি দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে।
দিনাজপুর দর্জি মালিক সমিতির সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আলী আক্কাস রতন, সাংগঠনিক সম্পাদক জহুরুল হক, সদস্য বিমল কুমারসহ প্রায় অর্ধশতাধিক দর্জি দোকানের মালিক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।