তানোরে দুই অপহরণকারীকে গণপিটুনি দিল জনতা

তানোর উপজেলার মুন্ডুমালা এলাকা থেকে স্কুল ছাত্র সাহাবুদ্দিনকে (১৪) অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় অপহরণকারী দুই ব্যক্তিকে গণপিটুনির পর পুলিশে দিয়েছে জনতা। জানা গেছে, গতকাল দুপুরে মুন্ডুমালা পৌরসভার কাউন্সিলর ওমর আলীর ছেলে ও স্থানীয় কৃষ্ণপুর বাইতুল আমান দাখিল মাদরাসার অষ্টম শ্রেণীর ছাত্র সাহাবুদ্দিন হাজীপাড়ার মোড়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দুইটি মোটর সাইকেলে করে চার ব্যক্তি তার পিতার খোঁজ করে। এক পর্যায়ে সাহাবুদ্দিনকে তাদের একটি মোটর সাইকেলে তুলে নেয়। কিছু দূর যাবার পর তারা সাহাবুদ্দিনের চোখ ও মুখ কাপড় দিয়ে বেঁধে ফেলে। এই অবস্থায় মুন্ডুমালা বাজারের উপর দিয়ে যাওয়ার সময় সে বাঁচাও বাঁচাও বলে চিত্কার দিলে বাজারের লোকজন ধাওয়া করে তাকে উদ্ধার করে। এ সময় অপহরণকারী দুই জনকে গণপিটুনি দেয়া হয়। আটক আসামিরা হলো- চাঁপাইনবাবগঞ্জ সদরের নবজাইগির গ্রামের আতাউর রহমানের ছেলে সেলিম রেজা ও একই গ্রামের মকবুল হোসেনের ছেলে মফিজ উদ্দিন। তাদের সঙ্গে আসা অন্য দুই জন পালিয়ে যায়। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাশেম জানিয়েছেন, এ ঘটনায় তানোর থানায় মামলা হয়েছে। যারা পালিয়ে গেছে তাদের ধরার চেষ্টা চলছে।