ইশতেহারে দেয়া সব প্রতিশ্রুতি পূরণ করব

গাজীপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র এম এ মান্নান বলেছেন, তিনি সকল নাগরিকদের নিয়ে, পরাজিত প্রার্থীদের নিয়ে একটি মাস্টার প্ল্যান তৈরি করে এ সিটিকে একটি পরিকল্পিত, পরিচ্ছন্ন ও বাসযোগ্য আদর্শ নগরী হিসাবে গড়ে তুলতে চান। নির্বাচনী ইশতেহারে দেয়া সকল প্রতিশ্রুতি পূরণ করবেন বলে তিনি উল্লেখ করেছেন। নির্বাচনে বিশাল বিজয় অর্জনের পর গতকাল প্রথম সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি একথা বলেন। এম এ মান্নান আরো বলেন, গাজীপুরের সিটি কর্পোরেশন নির্বাচন প্রমাণ করেছে তত্ত্বাবধয়াক সরকার ছাড়া নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। বিএনপি চেয়ারপার্সনের এ উপদেষ্টা আরো বলেন, গাজীপুরের নির্বাচন সু্ষ্ঠুভাবে করতে নির্বাচন কমিশন চেষ্টা করেছে, কিন্তু সরকারের বিভিন্ন পর্যায় থেকে ষড়যন্ত্র করে জনগণের রায় ছিনিয়ে নেয়ার অপচেষ্টা হয়েছে। তবে সাংবাদিকদের সচেতন ভূমিকার কারণে তা সম্ভব হয়নি। তিনি অভিযোগ করেন, টঙ্গীতে সরকারদলীয় ক্যাডাররা ভোট কেন্দ্র দখল করে তান্ডবলীলা চালিয়েছে। মান্নান তার বিজয়ের জন্য ১৮ দলীয় জোটের তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায়ের নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এসময় তিনি মহানগরীর বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক ব্যক্তিসহ সকল নগরবাসীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, সরকারের ব্যর্থতা, দুর্নীতি, পদ্মা সেতু, হলমার্ক, ডেসটিনি, শেয়ারমার্কেট কেলেঙ্কারি ইত্যাদির জবাব মানুষ ভোটের মাধ্যমে দিয়েছেন। আমি ১৮ দলীয় জোটের প্রার্থী হিসাবে বিজয়ী হলেও আমি এখন সবার। এ বিজয় গাজীপুরবাসীর। সাংবাদিক সম্মেলন শেষে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করানো হয়। পরে তিনি আজমত উল্লাহ খানের সাথে সৌজন্য সাক্ষাত্ করতে স্থানীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে তার টঙ্গীর বাসায় যান।