সিংড়ায় পৌর বিএনপি সভাপতির গ্রেফতার দাবি ছাত্রদলের

নাটোরের সিংড়ায় ছাত্রদলের সাধারণ সম্পাদক শামিম হোসেন ও যুবদলের সহসভাপতি সোহেল রানার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রদল। রবিবার সকালে একটি বিক্ষোভ সমাবেশ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা চত্বরে প্রতিবাদ সভায় ঘটনার প্রধান আসামী পৌর বিএনপির সভাপতি ও পৌর মেয়র শামিম আল রাজিকে দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়। পরে জুতা প্রদর্শন কর্মসূচি পালন করে ঘৃণা জানায় উপস্থিত নেতাকর্মীরা। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, থানা ছাত্রদলের সভাপতি ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক খাইরুল বাশার তুহিন, ছাত্রনেতা রনি, জয়নাল আবেদীন ও সোহেল রানা। এদিকে রবিবার থানা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদসহ ১৪ জনের নাম উল্লেখ করে পাল্টা মামলা করেছে মেয়র গ্রুপের শাহাদত হোসেন মিন্টু নামে এক ছাত্রদল নেতা। এ মামলায় আরও আসামী করা হয়েছে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক দাউদার মাহমুদ, সহসভাপতি আব্দুল গফুর, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহসভাপতি সোহেল রানা, ছাত্রদলের সাধারণ সম্পাদক ভিপি শামিম হোসেন, সাংগাঠনিক সম্পাদক খাইরুল বাশার তুহিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হিরাদুল ইসলাম, সাবেক প্যানেল মেয়র ও কৃষকদলের সহসভাপতি গোলাম আজম, ছাত্রদল নেতা জাহেদুল ইসলাম সবুজ, জনিসহ আরো অজ্ঞাত ১২ জন।