ধুনটের টুপির সুনাম বিশ্বজুড়ে
এনামুল বারী, ধুনট (বগুড়া) সংবাদদাতা
প্রকাশ : ০৮ জুলাই ২০১৩, ১৯:০২
এক সময়ে যেসব মহিলারা সংসারের কাজকর্ম সেরে দিনের বেশির ভাগ সময় ঘরে বসে কিংবা পাড়া প্রতিবেশীদের সাথে গল্প গুজবে সময় কাটাত। এখন তারা টুপি সেলাইয়ের কাজে এতোটাই ব্যাস্ত যে করো সাথে কথা বলার সময় টুকুও নেই। একাজে শুধু গৃহবঁধুরাই ব্যস্ত নয়। স্কুল কলেজ পড়ুয়া মেয়েরাও টুপি সেলাইয়ের কাজে ব্যস্ত।
ধুনটের নারীদের হাতে তৈরি টুপি দেশের বিভিন্ন এলাকায় বিক্রির পাশাপাশি রপ্তানি হচ্ছে সৌদি আরব, পাকিস্থান, ইরান, ইরাক, কুয়েত, কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। উপজেলার ২২০ টি গ্রামের প্রায় ৭৫ হাজার নারী টুপি সেলাই করে স্বাবলম্বী হচ্ছে। টুপি সেলাই করে ওরা পুরুষের পাশাপাশি বাড়তি আয় করে সংসারে সহযোগিতা করছে। এছাড়া স্কুল কলেজে পড়ুয়া মেয়েরা টুপি সেলাই করে তাদের লেখাপড়ার খরচ যোগাচ্ছে। উপজেলার প্রায় সবগুলো গ্রামেই এখন টুপি তৈরির কাজ চলছে। বিভিন্ন গ্রামে ঘুরে দেখা গেছে টুপি সেলাই করার এসব দৃশ্য। উপজেলার পেঁচিবাড়ী গ্রামের গৃহবধু আরজিনা খাতুন জানান, ৫/৬ বছর আগে তিনি থেকে টুপি সেলাই করছেন। গৃহস্থ্যের কাজ শেষে দৈনিক ৩/৪ টা টুপি সেলাই করতে পারেন তিনি। টুপি বিক্রি করতে হাটে যেতে হয় না। বাড়ি থেকেই পাইকাড়রা সপ্তাহে টুপি কিনে নিয়ে যায়। এতে তার মাসে ২ থেকে আড়াই হাজার টাকা বাড়তি আয় হয়।