অর্থ মন্ত্রণালয় অভিমুখে বাম জোটের বিক্ষোভ মিছিল, পুলিশের বাধা

ইত্তেফাক রিপোর্ট

ব্যাংক ও আর্থিক খাতে দুর্নীতি-লুটপাট বন্ধের দাবিতে এবং অবলোপন ও রিসিডিউলের নামে ঋণখেলাপী-ব্যাংক ডাকাতদের ঋণ মওকুফ, সুদ কমানোসহ অন্যায় সুবিধা দেওয়ার প্রতিবাদে অর্থ মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট। গতকাল রবিবার বেলা বারোটার দিকে কর্মসূচি পালন করতে জোটের শরিক দলগুলো মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে উপস্থিত হয়। এখানে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, আর্থিক প্রতিষ্ঠানে লুটপাটের জন্য দায়ী অর্থ মন্ত্রণালয়। তাদের প্রশ্রয়ে এসব অনৈতিক কার্যক্রম পরিচালনায় ব্যাংকগুলো সাহস পাচ্ছে। তারা অবিলম্বে ব্যাংক ও আর্থিক খাতে দুর্নীতি-লুটপাট বন্ধের কার্যকর পদক্ষেপের আহ্বান জানান।

সমাবেশ শেষে সোয়া একটার দিকে অর্থ মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিল তোপখানা-পল্টন হয়ে জিপিওর মোড়ে পৌঁছালে পুলিশ বাধা দেয়। বাধা পেয়ে নেতা-কর্মীরা সেখানেই বসে পড়েন। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বাম জোটের নেতারা বলেন, সরকার ব্যাংক লুটেরাদের বিরুদ্ধে কি করল তা দেখতে জনগণ আগামী বাজেট পর্যন্ত অপেক্ষা করতে চায়। এরপর সরকার কোনো পদক্ষেপ না নিলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বাসদ নেতা বজলুর রশীদ ফিরোজ। বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, সিপিবির সাধারণ সম্পাদক মো. শাহ আলম, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক প্রমুখ এখানে বক্তব্য রাখেন।