গুরুতর অসুস্থ অভিনেতা আকতার আলী

গুরুতর অসুস্থাবস্থায় দিনযাপন করছেন বিশিষ্ট চলচ্চিত্রাভিনেতা সৈয়দ আকতার আলী। তার চিকিত্সারত ডাক্তার জানান, প্রত্যেকটা মানুষেরই জীবনের শেষ সময় বলে যা থাকে এখন তিনি সেখানেই অবস্থান করছেন। তবে গত এক মাসে তার শারীরিক অবস্থা গুরুতর অবনতি দেখা দিয়েছে। পরপর দুইবার মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যা দেখা দেয়। গত প্রায় দুই সপ্তাহ ধরে এই অভিনেতা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিত্সারত রয়েছেন। মস্তিষ্কে সমস্যা ছাড়াও রয়েছে শ্বাসকষ্টজনিত সমস্যা। হাসপাতালে সার্বক্ষণিক তার পাশে আছেন সন্তান ও স্ত্রী। তবে এ দেশের শিল্পীদের চিরচরিত নিয়মানুযায়ী এখনও শিল্পী সমিতি, পরিচালক সমিতি কিংবা চলচ্চিত্র সংশ্লিষ্ট তেমন কেউই তাকে দেখতে হাসপাতালে যাননি। এই বিষয়টি নিয়ে এই অভিনেতার স্ত্রী ক্ষোভও প্রকাশ করেছেন।