শেয়ারবাজারের সূচকে মিশ্রভাব বেড়েছে লেনদেন
প্রকাশ : ০৮ জুলাই ২০১৩, ২০:৪৩
গতকাল সোমবার দেশের উভয় শেয়ারবাজারের সূচকে মিশ্রভাব দেখা গেছে। দিনভর ওঠানামার মধ্য দিয়ে পার হলেও শেষ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক ছিল প্রায় অপরিবর্তিত। তবে ডিএসইএক্স সামান্য বেড়েছে। আশার দিক হলো গতকাল বাজারে লেনদেন হয়েছে ৯৯১ কোটি টাকা। বাজার সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন পর বাজারে টানা কয়েকদিন লেনদেন হয়েছে আটশ’ কোটি টাকার উপরে। এটি ইতিবাচক দিক।
এদিকে গত প্রায় অর্ধমাসের ধারাবাহিকতায় গতকালও বাজারে লেনদেনের ক্ষেত্রে মূল অবদান রেখেছে জ্বালানি খাত। এ খাতের কোম্পানিগুলোর শেয়ারের লেনদেন হয়েছে ২১৪ কোটি টাকা। যা মোট লেনদেনের প্রায় ২১ শতাংশ। লেনদেনের ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে ছিল ইঞ্জিনিয়ারিং খাত। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ১৪ পয়েন্ট কমে ৪ হাজার ২৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সাধারণ মূল্যসূচক প্রায় অপরিবর্তিত ৪ হাজার ৫০৩ পয়েন্টে রয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৯৯১ কোটি ৮৬ লাখ ৩৯ হাজার ৮৯০ টাকা। যা আগের দিনের চেয়ে ১৩৩ কোটি ৬০ লাখ টাকা বেশি লেনদেনকৃত ২৯০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৬টির, কমেছে ১৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ারের।
এদিকে শেয়ারবাজারের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সহায়তায় সরকারের ঘোষিত পুনঃঅর্থায়ন তহবিলের প্রথম কিস্তির ৩০০ কোটি টাকা ছাড় করতে একটি নীতিমালা তৈরির সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয়ের সুপারিশে এরই মধ্যে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কমিশনার আরিফ খানের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি করা হয়েছে। গত রবিবার এ কমিটি করা হয়। নীতিমালা তৈরি হলে কেন্দ্রীয় ব্যাংক এই টাকা আইসিবিকে (ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ) বরাদ্দ দেবে। এরপর তা সংশ্লিষ্টদের মধ্যে বণ্টন করা হবে বলে আইসিবি সূত্রে জানা গেছে। পুনঃঅর্থায়ন তহবিলের টাকা কেন্দ্রীয় ব্যাংকেই গচ্ছিত রয়েছে। এটা যেকোনো সময় গ্রহণ করা যাবে। তবে এর আগে এই টাকা বণ্টনের নীতিমালা করাই হচ্ছে প্রধান কাজ। এ লক্ষ্যেই একটি কমিটি গঠন করা হয়েছে।