তুরস্ককে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান ডিসিসিআই’র

বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি, বিদ্যুত্, অবকাঠামো, পর্যটন, যোগাযোগ, কৃষি ও কৃষিজাত পণ্য এবং ওষুধ শিল্পখাতে তুরস্কের ব্যবসায়ীদের বিনিয়োগের আহবান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই)। সেই সাথে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্পর্কিত সকল বিরোধ দ্রুত নিরসনের উপর গুরুত্ব আরোপ করা হয়। গতকাল সোমবার বাংলাদেশস্থ তুরস্কের রাষ্ট্রদূত হোসেন মোফতুগুল ডিসিসিআই’র ভারপ্রাপ্ত সভাপতি নেসার মাকসুদ খানের সাথে সাক্ষাত্ করতে এলে তিনি এ আহ্বান জানান। নেসার মাকসুদ খান জানান, বাণিজ্য সম্প্রসারণে ঢাকা চেম্বার ‘ডিসিসিআই হেল্প ডেস্ক’ খোলার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে বিভিন্ন দেশের ব্যবসায়ীদের পাশাপাশি বাংলাদেশি ব্যবসায়ীরা নিজেদের কাঙ্ক্ষিত উদ্যোক্তা খুঁজে পাবে। তুরস্কের রাষ্ট্রদূত দেশটির সাথে বাংলাদেশের মু্ক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরে আগ্রহ পনর্ব্যক্ত করেন। তিনি বলেন, এর ফলে বাংলাদেশি ব্যবসায়ীরা ইউরোপের বাজারে তুরস্কের জন্য বিদ্যমান জিএসপি সুবিধা ভোগ করে নিজেদের পণ্য রপ্তানি করতে পারবে। সেই সাথে বাংলাদেশের টেক্সটাইল খাতের উন্নয়নে তুরস্কের অভিজ্ঞতা ও প্রযুক্তি ব্যবহারের আহবান জানান তিনি। বৈঠকে আরো উপস্থিত ছিলেন ডিসিসিআই পরিচালক আবুল হোসেন, রিজওয়ান-উর রহমান, আলহাজ্ব আব্দুস সালাম এবং শোয়েব চৌধুরী।