শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর অর্থনৈতিক উন্নয়নের পূর্ব শর্ত

দেশের অর্থনৈতিক চাকা সচল করতে সত্ ও আদর্শবান ব্যক্তিদের রাজনীতিতে আসতে হবে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। বিশ্বের সকল দেশের মত মাথা উঁচু করে চলবার জন্য আমাদের দেশের প্রয়োজন অর্থনৈতিক প্রবৃদ্ধির উন্নয়ন। অর্থনৈতিক উন্নয়নের জন্যে শান্তিপূর্ণ পরিবেশের তাত্পর্য বিশাল। কিন্তু আমাদের দেশের বর্তমান অবস্থা অত্যন্ত নাজুক পর্যায়ে রয়েছে। রাজনৈতিক অস্থিরতার জন্যে সাধারণ মানুষের মাঝে সবসময় এক ধরনের অস্থিরতা বিরাজমান। আমাদের এই দেশের প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া ও ক্ষমতায় গিয়ে টিকে থাকার এক ধরনের অশোভনীয় প্রতিযোগিতা চলে আসছে দীর্ঘদিন ধরে। ক্ষমতাসীন দল ছলে-বলে ও কৌশলে প্রয়োজনে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে আবারও ক্ষমতায় থাকার চেষ্টা চালায়। অন্যদিকে বিরোধীদল প্রতিবাদমুখর হয়ে হরতাল,অবরোধ, জ্বালাও-পোড়াও, ককটেল, বোমা বিস্ফোরণ, ভাংচুর ও প্রাণহানির মতো ভয়ংকর ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। এরফলে দেশের অর্থনীতির সচল চাকা থমকে যায়। মোটকথা উন্নয়ন ধারা ব্যাহত হয়। এক্ষেত্রে সত্, নীতি-বিবেক ও আদর্শবান ব্যক্তিদের রাজনীতিতে আসতে হবে। দুই নেত্রীর ক্ষমতার পালাবদলের চাকায় পিষ্ট হয়ে জনগণ নিষ্পেষিত হোক এটা আর চলতে দেয়া যায় না। জনগণ চায় শান্তি ও সুন্দর পরিবেশে ক্ষমতা হস্তান্তর হোক প্রতিটি নির্বাচিত সরকারের মেয়াদকাল শেষে। এ নিয়ে কোন ছলচাতুরির আশ্রয় নেয়া ঠিক হবে না। এ দেশের মানুষ শান্তিপ্রিয়। প্রয়োজনে সংগ্রামীও। তাই রাষ্ট্র পরিচালনায় কোন দল ব্যর্থ হলে ওই দলকে পরবর্তীতে এদেশের জনগণ ক্ষমতার মসনদে বসায় না। জনগণের ভাগ্য নিয়ে কোন রাজনৈতিক দল ছিনিমিনি খেললে তার ফল অতীতে শুভ হয়নি এমনকি ভবিষ্যতেও হবে না -এটা আমার বিশ্বাস। দেশের স্বার্থে আমরা জনগণ দুই নেত্রীকে আলোচনার টেবিলে একত্রে দেখতে চাই। উন্নয়নের স্বার্থে দুইনেত্রীর মুখ থেকে একরকম কথা বেরিয়ে আসুক তা জনগণ প্রত্যাশা করে। দেশপ্রেমিক রাজনৈতিক আচরণই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার পূর্বশর্ত। মো. আশরাফুল ইসলাম একাদশ শ্রেণি, শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ নান্দাইল, ময়মনসিংহ অর্থনীতির উন্নয়নে চাই দক্ষ সরকার ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর দেশের উন্নয়ন করতে হলে চাই দক্ষ সরকার, যোগ্য বিরোধী দল ও শান্তিপূর্ণ দেশের পরিবেশ। অস্থির, সংঘাতময় পরিবেশ বিরাজ করলে কোন কাজ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব নয়। রাজনৈতিক অস্থিরতার কারণে আমাদের দেশে শান্তির পায়রা তেমন উড়তে দেখা যায় না। এর মূল কারণ রাজনীতি মাঠে যোগ্য নেতৃত্বের অভাব। বর্তমান যুগে এদেশের কিংবদন্তি রাজনীতিবিদদের অনুসারী খুবই কম লোককেই রাজনীতি করতে দেখা যায়। আমরা চাই শান্তিপূর্ণ পরিবেশে ক্ষমতা হস্তান্তর হোক। আর এর মধ্যদিয়ে একটি সুষ্ঠু, সুন্দর পরিবেশে অবাধ ও নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক। আর যদি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর না হয় তাহলে দেশে অস্থিতিশীল হয়ে উঠবে, দেশের অর্থনৈতিক উন্নতি ব্যাহত হবে। মো. শরিফুল ইসলাম গোলাপ একাদশ শ্রেণি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ নান্দাইল, ময়মনসিংহ ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে ক্ষমতা কখনো কারো চিরকাল থাকে না। এটা চিরসত্য একটা কথা। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমরা অনেকেই এই সত্যটা মানতে চাই না। আমরা মনে করি একবার ক্ষমতা এসেছে মানে আমার কাছ থেকে আর কেউ ক্ষমতা নিতে পারবে না। আমরা ইতিহাস থেকে কখনো শিক্ষা নেই না। আমরা প্রতিপক্ষকে কেবল শত্রুই ভাবি, কখনো বন্ধু ভাবতে পারি না। অথচ বিশ্বের বড় বড় বাঘা বাঘা নেতারা প্রতিপক্ষকে সাথে নিয়ে রাজনীতি করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। বর্তমানে আমাদের দেশে যে অর্থনৈতিক মন্দা বিরাজ করছে, তা বুঝার জন্য অর্থনীতির ছাত্র হওয়ার কোন দরকার নেই। এই মন্দা কাটিয়ে না উঠতে পারলে, অদূর ভবিষ্যতে আমাদের চরম সমস্যার সম্মুখীন হতে হবে। এই মন্দার মাঝে মড়ার উপর খাঁড়ার ঘা হিসেবে আছে রাজনৈতিক অস্থিরতা!! যুক্তরাষ্র্ব যে কথা শুনিয়েছে তাতে তো আমাদের সমস্য আরো দ্বিগুণ!! এই রাজনৈতিক অস্থিরতা বন্ধ করতে হবে। সাধারণ জনগণকে নিরাপত্তা দিতে হবে। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে হবে। দেশের জন্য ও মানুষের জন্য কাজ করতে হবে। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের মানসিকতা দেখিয়েছেন মহান মানুষ নেলসন ম্যান্ডেলা। ১৯৯৪ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। কিন্তু জয়ী হওয়ার ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও ১৯৯৯ সালে দ্বিতীয়বারের মত প্রেসিডেন্ট পদের জন্য আগ্রহী হননি তিনি । আমাদের কি এখনো অনেক কিছু শিখার আছে না? কবির খন্দকার শিক্ষার্থী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থনীতির চাকা সচল রাখতে চাই দক্ষ শাসক গোষ্ঠী একটি গাড়ির চাকা যত সচল থাকবে গাড়িটি তত তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছাতে পারবে। তদ্রূপ একটি দেশের অর্থনীতির চাকা যত সচল থাকবে ঐ দেশ তত তাড়াতাড়ি কাঙ্ক্ষিত সফলতার মুখ দেখবে। গাড়ির ইঞ্জিন যত শক্তিশালী হয় গাড়ির চাকা তত দ্রুত হয়। চাকার দ্রুততা নির্ভর করে ইঞ্জিনের শক্তির উপর। আবার ইঞ্জিন যতই শক্তিশালী হোক; ড্রাইভার যদি পটু না হয় তাহলে হয়তো গাড়ি গন্তব্যে পৌঁছতে অনেক দেরি হয় অথবা চালকের অপরিপক্বতার কারণে দুর্ঘটনার কবলে পড়ে। অর্থনীতির ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। যথেষ্ট পরিমাণ সম্পদ থাকা সত্ত্বেও তা যদি অদ্ক্ষ শাসক কর্তৃক নিয়ন্ত্রিত হয়, সেই অর্থনীতি কখনোই সফলতা বয়ে আনতে পারে না। অপরদিকে সম্পদ সীমিত হলেও দক্ষ শাসক গোষ্ঠী কর্তৃক নিয়ন্ত্রিত হলে একসময় সফলতার মুখ দেখা যায়। তাই অর্থনীতির চাকা সচল রাখতে চাই দ্ক্ষ শাসক গোষ্ঠী। জনগণই রায় দিবে এ বিষয়ে কারা দক্ষ। আর এই রায় প্রদানের জন্য চাই শান্তিপূর্ণ পরিবেশ । মো. হাবিবুর রহমান অনার্স ৩য় বর্ষ ইংরেজি বিভাগ ভোলা সরকারি কলেজ, ভোলা