কানাডায় ট্রেনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫

কানাডার কুইবেক প্রদেশের ল্যাক-মেগানটিক শহরে অপরিশোধিত জ্বালানি তেলবাহী চালকবিহীন দ্রুতগামী এক ট্রেন লাইনচ্যুত হওয়ার পর বিস্ফোরিত হলে পাঁচজন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে অন্তত ৪০ জন। বিস্ফোরণে শহরটির বহু ভবন বিধ্বস্ত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ কর্মকর্তা গাই ল্যাপোয়িন্তি জানান, শনিবার মধ্যরাত ১টার কিছুক্ষণ পর এ দুর্ঘটনা ঘটে। জ্বালানি বহনকারী ঐ ট্রেনটিতে ৭২টি বগি ও পাঁচটি ইঞ্জিন ছিল। দুর্ঘটনাস্থলের পরিস্থিতি বিপজ্জনক হওয়ায় সেখানে পুলিশ বা উদ্ধারকারীরা প বেশ করতে পারছে না। সে কারণে সম্ভাব্য হতাহতের সংখ্যা হিসাব করা কঠিন হয়ে পড়েছে। কুইবেক পুলিশ জানিয়েছে ৪০ জন নিখোঁজ রয়েছে। এখন পর্যন্ত পাঁচজনের মৃতদেহ উদ্ধার হলেও তাদের পরিচয় জানা যায়নি। তাদের পরিচয় নিশ্চিত হতে ডিএনএ টেস্ট করতে মৃতদেহ মন্ট্রিলে পাঠানো হয়েছে। পুলিশ সতর্ক করে দিয়ে বলেছে কিছু মৃতদেহ উদ্ধার করা সম্ভব নাও হতে পারে। ট্রেনটির চারটি বগিতে ৩০ হাজার গ্যালন করে অপরিশোধিত জ্বালানি তেল বহন করা হচ্ছিল। ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পর এসব বগিতে আগুন ধরে বিস্ফোরণ ঘটে। আগুনের শিখা কয়েকশ’ ফুট পর্যন্ত উঠে যায়। প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিস্ফোরণে আশপাশের বহু ভবনের সামনের অংশ বিধ্বস্ত হয়। এসব ভবনের মধ্যে দোকানপাট, একটি পাঠাগার ও একটি পানশালা রয়েছে। দুর্ঘটনার সময় শহরটির কেন্দ্রস্থলে প্রচুর মানুষের সমাগম ছিল।