সৌদি থেকে অস্ত্র আসলে সিরীয় বিদ্রোহীরা শক্তিশালী হবে :বিরোধী জোট

সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশনের নবনির্বাচিত প্রেসিডেন্ট আহমেদ জাবরা বলেছেন, বিদ্রোহীদের জন্য সৌদি আরব থেকে অস্ত্র আসলে বাশার বিরোধী আন্দোলন আরো চাঙ্গা হবে। এই মুহূর্তে কোন ধরনের শান্তি আলোচনার প্রস্তাব গ্রহণ করতে চায় না বিদ্রোহীরা। এছাড়া পবিত্র রমজান মাসে হমসে যুদ্ধবিরতির আহবান জানিয়েছেন জাবরা। আহমেদ জাবরা বলেন, বাশার বিরোধী বিদ্রোহীরা কিছুটা দুর্বল হয়ে পড়েছে। শিগগিরই সৌদি আরব থেকে অস্ত্র আসছে। সেখান থেকে অস্ত্র আসলে আবারো শক্তিশালী হবে সিরিয়ার বিদ্রোহীরা। রবিবার রয়টার্সকে দেয়া সাক্ষাত্কারে জাবরা বলেন, আমাদের কাছে আমেরিকা এবং রাশিয়া জেনেভাতে যে শান্তি আলোচনার প্রস্তাব করেছে সেখানে এই মুহূর্তে যোগ দিতে চাই না। বর্তমানে বিদ্রোহীদের অবস্থা কিছুটা দুর্বল হয়ে পড়ায় শান্তি আলোচনায় অংশ নেয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। এটা সম্ভবও নয়। আগে আমাদের শক্তি সঞ্চয় করতে হবে। এরপরই কেবল শান্তি আলোচনায় অংশ নেয়া সম্ভব। পবিত্র রমজান মাসে তিনি প্রেসিডেন্ট বাশারের প্রতি যুদ্ধ-বিরতির আহবান জানিয়েছেন। তিনি বলেন, হমসে সরকার বাহিনীর সাথে বিদ্রোহীদের যুদ্ধ প্রতিদিনই হতাহতের সংখ্যা বাড়ছে।