কাতাদাকে জর্ডানে প্রত্যর্পণ করেছে যুক্তরাজ্য
প্রকাশ : ০৮ জুলাই ২০১৩, ২১:৩৬
কট্টরপন্থি ইসলামী নেতা আবু কাতাদাকে সন্ত্রাসবাদের অভিযোগে বিচারের সম্মুখীন করতে জর্ডানে পাঠিয়ে দিয়েছে যুক্তরাজ্য। কাতাদাকে বহনকারী বিমান জর্ডানের উদ্দেশে স্থানীয় সময় শনিবার রাত ২টা ৪৬ মিনিটে পশ্চিম লন্ডনের আরএএফ নর্থোল্ট বিমান ঘাঁটি ত্যাগ করে। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী তেরেসা মে বলেন, ‘এর মাধ্যমে কাতাদাকে অপসারণের চেষ্টার সমাপ্তি ঘটেছে এবং আমি বিশ্বাস করি, ব্রিটিশ জনগণ একে স্বাগত জানাবে।’ তিনি বলেন, ‘আবু কাতাদাকে সন্ত্রাসবাদের অভিযোগে বিচারের মুখোমুখি করতে তার নিজ দেশ জর্ডানে পাঠিয়ে দেয়া হয়েছে।’
জঙ্গিবাদের সঙ্গে সংশ্লি¬ষ্টতার অভিযোগে আবু কাতাদা ২০০১ সালে প্রথম গ্রেফতার হন। সে সময় থেকে তার বিরুদ্ধে আইনী লড়াই চালিয়েছে ব্রিটেন। তবে ২০০৫ সালে তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণ সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়। জঙ্গিবাদের অভিযোগে আবু কাতাদার বিরুদ্ধে জর্ডানে গ্রেফতারি পরোয়ানা আছে। যুক্তরাজ্য আট বছর ধরে তাকে সে দেশে পাঠানোর চেষ্টা করছে। তাকে ফেরত পাঠানোর শেষ বাধা ছিল প্রত্যর্পণ চুক্তি না থাকা। গতমাসে জর্ডান ও যুক্তরাজ্যের মধ্যে তা সম্পন্ন হয়। এর ফলে শেষমেষ তার প্রত্যর্পণ সম্ভব হল।
একসময় ইউরোপে ওসামা বিন লাদেনের ডানহাত বলে পরিচিত আবু কাতাদা জন্মগ্রহণ করেন পশ্চিম তীরের বেথলেহেমে। ১৯৯৩ সালে স্ত্রী ও পাঁচ সন্তানসহ তিনি জর্ডান থেকে যুক্তরাজ্যে চলে আসেন এবং রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন। ১৯৯৪ সালে তাকে যুক্তরাজ্যে বসবাসের অনুমতি দেয়া হয়। কিন্তু বিভিন্ন অভিযোগে ২০০১ সাল থেকে কয়েকবার কারাগারে যেতে হয়েছে তাকে। সর্বশেষ তাকে গত মার্চে কারাগারে নেয়া হয়।