সংবাদ কণিকা
প্রকাশ : ০৮ জুলাই ২০১৩, ২১:৩৬
সুমাত্রায় ভূমিকম্প
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে শনিবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৪। তবে এতে সুনামির কোন সতর্কতা জারি করা হয়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, সুমাত্রা দ্বীপের পশ্চিম উপকূলে ভূপৃষ্ঠের মাত্র ২৩ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় আবহাওয়া দফতরের কর্মকর্তা সুহারজোনো জানান, সেখানে এ ভূমিকম্পের ঘটনায় সুনামির কোন সতর্কতা জারি করা হয়নি। সুমাত্রার উত্তরাঞ্চলীয় আচেহ প্রদেশে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার মাত্র কয়েকদিন পর এ ভূমিকম্প আঘাত হানলো। —এএফপি
মহাকাশে আবর্জনা ধ্বংসে
পৃথিবীর কক্ষপথে আবর্জনার তালিকা তৈরি করে লেজার রশ্মি দিয়ে সেগুলো ধ্বংস করার পরিকল্পনা গ্রহণ করছে। আগামী এক দশকের মধ্যে এই প্রযুক্তি ব্যবহারের উপযোগী হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। মহাকাশে আবর্জনা বেড়েই চলেছে। কিন্তু এভাবে বাড়তে থাকলে বহু ব্যবহূত কক্ষপথগুলোতে সচল স্যাটেলাইটগুলোর বিপদ ঘটতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। আবার ধাক্কা এড়াতে গেলে জ্বালানি খরচা হয়। বর্তমানে এসব কারণে বছরে প্রায় ১৪ কোটি ইউরো খরচ হয়। —ডয়েচে ভেলে
দুর্লভ টিয়া পাখি
অস্ট্রেলিয়ার এক ফটোগ্রাফার সন্ধান পেয়েছেন দুর্লভ পাখির। কিন্তু ফটোগ্রাফার জন ইয়ং ঐ টিয়া পাখির সন্ধান দিতে রাজি নন। হলুদাভ সবুজ বর্ণের এই টিয়াকে গতবছরই সবচেয়ে রহস্যজনক পাঁচটি পাখির তালিকার শীর্ষে রেখেছে ‘স্মিথসোনিয়ান’ ম্যাগাজিন। ১৯১২ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত এই ৬৭ বছরের মধ্যে বিশ্বের কোথাও এ পাখি দেখা যায়নি। তবে একেবারে দেখা না পেলেও পাখিবিজ্ঞানীরা ধারণা করছিলেন কিছু এ ধরনের টিয়া পাখির অস্তিত্ব এখনও থাকতে পারে । অনুমান ঠিক হলেও পাখিগুলো যে দিনে দিনে বিলুপ্ত হয়ে যাচ্ছে, তাতে আর বিস্ময়ের কী আছে! পাখিবিশেষজ্ঞদের ধারণা, টিয়াগুলো এখনো অস্ট্রেলিয়াতেই দিব্যি বেঁচে আছে। —এএফপি
বিক্ষোভে উত্তাল পেরু
চাকরির শর্ত হিসেবে প্রতিবছর যদি নতুন করে আমলা ও শিক্ষকদের কাজের মূল্যায়ন করার কথা বলা হয়, তাহলে বিশ্বের কোনও দেশেই বোধহয় সেটা ভালভাবে মেনে নেবেন না। আর পেরুও তার ব্যতিক্রম নয়। পেরুতে সমপ্রতি সরকার এই ধরনের একটি উদ্যোগ নেয়ার পর দেশের বিভিন্ন স্তরের আমলা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রতিবাদে ফুঁসে উঠেছেন। আর তাদের সঙ্গে যোগ দিয়েছেন হাজার হাজার ছাত্র। বিক্ষোভকারীদের সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ। —বিবিসি