সিএনজি ছিনতাইকালে কলেজ ছাত্র আটক

গত রবিবার রাতে কাহালু-বগুড়া সংযোগ সড়কে একটি সিএনজি ছিনতাইকালে রাহুল ইসলাম সাগর (২০) নামের এক কলেজ ছাত্রকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। জানা গেছে, সাগরসহ তার আরো ৪ বন্ধু মিলে সিএনজি অটোরিক্সা ছিনতাই করার পরিকল্পনা করে ঘটনার দিন সন্ধ্যা রাতে বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বাজার এলাকা থেকে বগুড়াগামী একটি সিএনজি অটোরিক্সা (নং-১৯৩৫) ভাড়া করে। এরপর অটোরিক্সায় চড়ে বগুড়ার দিকে আসার সময় রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কাহালু উপজেলার বড়িতলা নামক এলাকায় পৌঁছা মাত্রই তারা ড্রাইভারকে ছুরিকাঘাত করে অটোরিক্সা ছিনতাইয়ের চেষ্টা করে। ড্রাইভার কৌশলে অটোরিক্সাটি রাস্তার পাশে উল্টে দিয়ে চিত্কার করলে স্থানীয় জনতা এসে হাতে-নাতে সাগরকে ধরে ফেলে। সে জয়পুরহাট জেলার কালাই উপজেলার মান্দাইল গ্রামের আমিরুল ইসলামের পুত্র।