ঝিনাইগাতীর উত্তরণ পাবলিক স্কুলে তালা
ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা
প্রকাশ : ০৮ জুলাই ২০১৩, ২২:১৩
শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতি উপজেলা সদরের উত্তরণ পাবলিক স্কুলের জমির মালিকানা দাবি করে তালা দিয়েছে ৪ বোন।
জানা গেছে, গত রবিবার সকাল ৭টার দিকে জমির দাবিদার ৪ বোন স্কুলে তালা লাগিয়ে দেয়। তাঁরা জানান, বাবা মছির উদ্দিন খাঁ (পন্ডিত) ভারত ফেরত মোহাজের হিসেবে সরকারের কাছ থেকে এ জমি পেয়েছিলেন। আনোয়ারা বেগম ও নাজমা, জানান, ১৯৭৬ সালে বাবা মারা যাওযার পর ভাই হেলাল খাঁ বোনদের ঠকিয়ে জোর করে জমি ভোগদখল করছিল। হেলাল খাঁ জানান, অনেক কিছু দিয়ে বোনদের বিয়ে দিয়েছি।
তাদের আবার অংশ কিসের? স্কুলের প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদ সাংবাদিকদের বলেন, দু’লাখ টাকা অগ্রিম দিয়ে ভবন নির্মাণ করে স্কুল চালাচ্ছি। এতদিন হেলাল খাঁকে মাসিক ৬ হাজার টাকা ভাড়া দিচ্ছিলাম। পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব ডাঃ শাহজাহান সাজু বলেন, মালিকানার বিরোধে কোমলমতি শিশুদের লেখাপড়ার ক্ষতি হতে দেব না। হেলাল খাঁর বোনেরা যদি স্কুলের জমির অংশীদার হয় তবে তাদের কাছেই ভাড়া পরিশোধ করবো।