নলটোনাবাসীর ভাগ্য খুলেছে চারটি খাল
বরগুনা (দক্ষিণ) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুলাই ২০১৩, ২২:১৪
চারটি খাল ভাগ্য খুলে দিয়েছে বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের ৫ গ্রামের মানুষের। চারটি খাল পুনঃখননে কৃষিতে অভাবনীয় সাফল্যের সম্ভাবনা সৃষ্টি করেছে।
নিশানবাড়ীয়া গাজী মাহমুদ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অংশগ্রহণমূলক ক্ষুদ্রাকার পানি সম্পদ সেক্টর প্রকল্পের আওতায় গত বছরে ছয়টি খাল পুনঃখননের উদ্যোগ নেয়া হয়। এর মধ্যে ৪টি খাল খনন হলেও বাকি ২টির খনন হয়নি। খালগুলো খননের ফলে শুষ্ক মৌসুমেও পানি থাকে। জলাবদ্ধতা নিরসন হওয়ায় এবার প্রায় এক হাজার হেক্টরে ধান চাষ হয়েছে।
এ বিষয়ে নলটোনা ইউপি চেয়ারম্যান কে.এম সফিকুজ্জামান মাহফুজ বলেন, খাল চারটি খননের ফলে দীর্ঘদিনের জনদুর্ভোগ দূর হয়েছে। তিনি ওই প্রকল্পের আওতায় আরো কয়েকটি খাল পুনঃখননের জন্য অনুরোধ জানিয়েছেন। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হারুন অর রশীদ বলেন, খাল পুনঃখননে ফসলের ভাল ফলনের সম্ভাবনা তৈরি হয়েছে।