রাণীনগরে আবারো ডাকাতি, আটক ৪
রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা
প্রকাশ : ০৮ জুলাই ২০১৩, ২২:১৬
নওগাঁর রাণীনগরে তিন দিনের মাথায় ফের ডাকাতি হয়েছে। খট্রেশ্বর গ্রামের হাজী আব্দুর রাজ্জাকের বাসায় এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদের মারধরে ৩ জন আহত হয়েছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার রাত দেড়টায় উপজেলার খট্রেশ্বর গ্রামের হাজী আব্দুর রাজ্জাকের বাসার প্রাচীর টপকে মূল দরজা ভেঙ্গে বাসার মালিক হাজী আব্দুর রাজ্জাককে ২০/২৫ জনের ডাকাত দল দেশীয় অস্ত্রেরমুখে জিম্মি করে ৩২ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ২ লক্ষ ১৬ হাজার টাকা লুট করে নেয়। ডাকাতদের হামলায় আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুর রউফ (২৮) আহত হন। ডাকাতি শেষে ছয়টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
ডাকাতি ঘটনায় সন্দেহভাজন গ্রেফতারকৃতরা হলেন মোজাম্মেল হক (৪০), সাজ্জাদ হোসেন (৩২) ও আব্দুর রাজ্জাক (৪০) এবং আব্দুল মালেক (২৮)। রানীনগর থানার এসআই আকবর হোসেন (ওসির চলতি দায়িত্বে) সাংবাদিকদের জানান, আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে ধারালো অস্ত্রসহ চারজনকে আটক করেছি। ডাকাতরা পটকা ফাটিয়ে আতংক সৃষ্টি করে।