বেলকুচিতে লাখ টাকার রেণু কোটি টাকার মাছ
বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ০৮ জুলাই ২০১৩, ২২:১৬
বেলকুচিতে লাখ টাকার রেণু এখন কোটি টাকার মাছে। গত ৩১ মে মত্স্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস নিজের এলাকা বেলকুচিতে বাউগান বিল ও মেটুয়ানী বিলে ১ লাখ ৯৫ হাজার টাকার মূল্যের প্রায় ৬ কেজি রুই, কাতলা ও মৃগেল জাতীয় মাছের রেণু খাবারসহ বিতরণ করেন। মাত্র এক মাসের ব্যবধানে রেণুগুলো এখন আড়াই থেকে তিন ইঞ্চি আকারে বড় হয়েছে। যার বাজার মূল্য কোটি টাকা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হেমায়েত উদ্দিন বলেন, মাত্র ৬ কেজি রেণুগুলো এখন কয়েক কোটি টাকার পোনা মাছে পরিণত হয়েছে। এলাকাবাসী একটু দেখে রাখে এবং নিধন না করে তা হলে এলাকার মত্স্যজীবীরা মাছ বিক্রি করে মোটা অংকের মুনাফা অর্জন করতে পারবে।
উপজেলা মত্স্য কর্মকর্তা প্রদীপ কুমার সরকার বলেন, পরীক্ষামূলকভাবে এ রেণুগুলো বিলের পারে সুফলভোগীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছিল। এ রেণুগুলো এখন ভাল পোনা মাছে পরিণত হয়েছে। রক্ষণাবেক্ষণ করলে এ উপজেলার সিংহভাগ মাছের চাহিদা পূরণ করা সম্ভব হবে।
বাউগান বিলের সুফলভোগী আবু সাইদ বলেন, পরীক্ষামূলকভাবে এ রেণুগুলো বিলের কোণায় চাষ করি। এ রেণুগুলো ভালো পোনা মাছে পরিণত হয়েছে। এখন থেকে প্রতি বছর আমরা নিজেরাই রেণু ক্রয় করে চাষ করবো। বাস্তবায়ন করবো সরকারের প্রতিপাদ্যকে। মাছে মাছে ভরবো দেশ, গড়বো সোনার বাংলাদেশ।