গোয়ালন্দে সন্ত্রাসী হামলায় ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন পন্ড
প্রকাশ : ০৮ জুলাই ২০১৩, ২২:১৭
রবিবার রাজবাড়ীর গোয়ালন্দ শহরে একটি ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন চলাকালে পরিকল্পিতভাবে সভাপতি প্রার্থীর উপর সন্ত্রাসী হামলা চালালে তিনিসহ ৭ নারী-পুরুষ আহত হন। তাদেরকে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার স্থানীয় সংসদ সদস্য কাজী কেরামত আলী আহতদের দেখতে হাসপাতালে যান।
ঐদিন বিকালে গোয়ালন্দ আইডিয়াল হাইস্কুলে পৌরসভার ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের দুই বছর মেয়াদি নতুন কমিটি গঠন উপলক্ষে সম্মেলন চলছিল। কাউন্সিলরদের ভোটগ্রহণ চলাকালে সন্ধ্যায় সভাপতি প্রার্থী সাবেক পৌর কাউন্সিলর ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রণব ঘোষের (৩৮) উপর একদল বহিরাগত সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। এসময় প্রণবকে উদ্ধার করে পার্শ্ববর্তী আউয়াল টাওয়ারের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হলে সেখানেও সন্ত্রাসীরা দ্বিতীয় দফা হামলা চালায়। এসময় হামলাকারীদের চেয়ারের আঘাতে আওয়ামী লীগ নেতা অধ্যাপক আমিরুল ইসলাম, ছোট ভাই সাংস্কৃতিক ব্যক্তিত্ব নজরুল ইসলাম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদ চৌধুরী আহত হন। পরে প্রণব ঘোষকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। এছাড়া সন্ত্রাসীরা পরেও ৩ জনকে জখম করে। আহতদের গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।