মন্দির থেকে শিব বিগ্রহ চুরি
কমলগঞ্জে চা বাগানের শ্রমিকদের অবস্থান ধর্মঘট
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
প্রকাশ : ০৮ জুলাই ২০১৩, ২২:১৭
কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানের শিব মন্দিরের তালা ভেঙ্গে পাথরের দু’টি শিব লিঙ্গ চুরি হয়েছে। এ ঘটনার প্রতিবাদে শমশেরনগর ও ৪টি ফাঁড়ি চা বাগানের চা শ্রমিকরা মন্দিরের সামনে অবস্থান ধর্মঘট পালন করে। রবিবার রাতে চা বাগানের ঐতিহ্যবাহী শিব মন্দিরে এ চুরির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা শিব মন্দিরের তালা ভেঙ্গে বহু পুরাতন দু’টি পাথরের শিব লিঙ্গ চুরি করে। এ ঘটনার প্রতিবাদে শমশেরনগর চা বাগান ও তার ফাঁড়ি দেওছড়া, কানিহাটি, ডবলছড়া ও বাঘিছড়া চা বাগানের চা শ্রমিকরা সোমবার শিব মন্দিরের সামনে অবস্থান ধর্মঘট করে। আলীনগর চা বাগানের শ্রমিকরাও সোমবার সকালে ১ ঘন্টার কর্ম বিরতি পালন করে। শমশেরনগর চা বাগানের ইউপি সদস্য সীতারাম বীন, বাগান পঞ্চায়েত সভাপতি রামস্বামী রাজভর বলেন, এ ঘটনায় এখন শমশেরনগর ছাড়াও এ অঞ্চলের সবগুলো চা বাগানের ধর্মপ্রাণ চা শ্রমিকদের ধর্মের প্রতি আঘাত করেছে। এজন্য চা বাগানের পুরুষ মহিলা শ্রমিকদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। চুরি হওয়া একটি শিব বিগ্রহ ২০ বছর আগে ভারতের মাদ্রাজের একটি মন্দির থেকে এনে এখানে স্থাপন করা হয়। আর অন্যটি প্রায় ১০০ বছর আগে এ মন্দিরে স্থাপন করা হয়েছিল বলে তারা মন্তব্য করেন। তারা ৭২ ঘন্টার মধ্যে দায়ীদের শাস্তির দাবি জানান।