কুমিল্লায় ট্রাক্টর উল্টে ৩০ স্কুল ছাত্র আহত

জেলার বুড়িচংয়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে যাওয়ার পথে ট্রাক্টর উল্টে ৩০ স্কুলছাত্র আহত হয়েছে। উপজেলার কুমিল্লা-বুড়িচং-মিরপুর সড়কের খাড়াতাইয়া এলাকায় গতকাল সোমবার বিকালে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত স্কুলছাত্রদের উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। এদিকে এ ঘটনার তদন্তের জন্য ৩ সদস্যের একটি কমিটি উপজেলা প্রশাসন গঠন করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়। পুলিশ, আহত ছাত্র ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের খাড়াতাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একই ইউনিয়নের পয়াত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের খেলা গতকাল বিকালে স্থানীয় ভরসার সরকারি প্রাথমিক মাঠে অনুষ্ঠিত হওয়ার দিন ধার্য করা হয়েছিল। খেলায় অংশ নিতে গতকাল দুপুরে খাড়াতাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রদের ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল হাসান ভরাসারের উদ্দেশ্যে যাওয়ার জন্য খাড়াতাইয়া বাজার থেকে একটি ট্রাক্টরে প্রায় ৪০-৫০ জন স্কুল ছাত্রকে উঠিয়ে দেন। ট্রাক্টরটি বেপোয়ারা গতিতে চালাতে গিয়ে কুমিল্লা-বুড়িচং-মিরপুর সড়কের খাড়াতাইয়া বাতানবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে পড়ে যায়। এ ঘটনায় কমপক্ষে ৩০ জন স্কুলছাত্র মারাত্মকভাবে আহত হয়। এদিকে দুর্ঘটনার পর ট্রাক্টর চালক খাড়াতাইয়া গ্রামের নুরুল ইসলামের পুত্র জাহাঙ্গীর হোসেন পালিয়ে যান। আহত ছাত্ররা হচ্ছে—ইউসুফ রানা (১৩), শাকিল (১৩), মেহেদী (১২), জুয়েল (১২), হানিফ (১৩), মোয়ালেম (১২), রামিন (১১), সালাহউদ্দিন (১৩), সুমন (১২), সোহেল রানা (১৩), শাখাওয়াত (১২), মোশারফ হোসেন (১৩), তোফায়েল (১২), বাছিরসহ (১৩) ৩০ জন।