সরকারি কর্মচারীদের ৬০ ভাগ বেতন বৃদ্ধির দাবি
প্রকাশ : ০৮ জুলাই ২০১৩, ২২:৩৯
সরকারি কর্মচারীদের ৬০ ভাগ বেতন বৃদ্ধি করে নতুন পে-স্কেল প্রদানের দাবি জানিয়েছে বাংলাদেশ তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতি। সোমবার জাতীয় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ এ দাবি জানান। একই সঙ্গে তৃতীয় শ্রেণি কর্মচারীদের বিদ্যমান ৬টি বেতন স্কেলের পরিবর্তে ১৯৭৩ সালে বঙ্গবন্ধু সরকার প্রদত্ত বেতন স্কেল অনুসারে ৩টি বেতন স্কেল নির্ধারণ করারও দাবি জানানো হয়।
মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, ২০০৯ সালের জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নে সরকারি কর্মচারীদের বেতন মাত্র ১৫-২৫ ভাগ বৃদ্ধি পেয়েছিল। যা তত্কালীন বাজার দর ও জীবনযাপনের ন্যূনতম প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ইতিমধ্যে গ্যাস, বিদ্যুত্, জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় সীমিত আয়ের কর্মচারীরা অতিকষ্টে জীবনযাপন করছে।
সংগঠনের সভাপতি মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি রশিদ উল্লাহ, মহাসচিব লুত্ফর রহমান, উপদেষ্টা হারুন উর রশিদ, শাহ মো. শফিউল হক, সহ-সভাপতি নাজমা আক্তার, মান্নান হাজারভী, মোস্তাফিজুর রহমান, ইব্রাহিম খলিল, রায়হান উদ্দিন চৌধুরী, নূরুন নবী, নজরুল ইসলাম, অতিরিক্ত মহাসচিব আতাউর রহমান, যুগ্ম মহাসচিব সেলিম মোল্লা প্রমুখ।