কিছু খারাপ কাজ সরকারের সব সাফল্য ম্লান করে দিয়েছে
প্রকাশ : ০৮ জুলাই ২০১৩, ২২:৪০
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, বিএনপি জামায়াত তথা ১৮ দল ক্ষমতায় এলে দেশে জঙ্গিবাদের উত্থান ঘটবে, যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ হয়ে যাবে। দেশে আবার কালো দিন ফিরে আসবে। তিনি মিসরের অবস্থা বর্ণনা করে বলেন, এদেশে সেনাশাসন না চাইলে ১৪ দলকে আবারো ক্ষমতায় আনুন। তিনি সিটি কর্পোরেশনের নির্বাচনে ১৪দলের পরাজয়ের কারণ হিসাবে বলেন, অনেক ভালো কাজের মধ্যে শেয়ার বাজার, হলমার্ক কেলেঙ্কারি ও পদ্মা সেতু নির্মাণ সংক্রান্ত দুর্নীতির মত কিছু খারাপ কাজ সব সাফল্য ম্লান করে দিয়েছে। সব খারাপ কাজেরই বিচার করবে সরকার। রবিবার বিকালে আখচাষী নেতা শহীদ আব্দুস সালামের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উত্তরবঙ্গ চিনিকল আখচাষী সমিতির উদ্যোগে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যদান কালে তিনি এসব কথা বলেন।
আখচাষী সমিতির সভাপতি অধ্যক্ষ ইব্রাহীম খলিলের সভাপতিত্বে স্মরণ সভায় বিশেষ অতিথি ছিলেন, জাতীয় কৃষক সমিতির সভাপতি সাংসদ ফজলে হোসেন বাদশা, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সভাপতি বপ্পাদিত্য বসু, নাটোর জেলা ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সম্পাদক এ্যাড. লোকমান হোসেন বাদল, সিংড়া উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান, নাটোর জেলা যুবমৈত্রীর সভাপতি মিজানুর রহমান, আখচাষী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আল মামুন সরকার প্রমুখ। ১৯৯২ সালের ২২জুন নর্থ বেঙ্গল সুগার মিলের ২নং গেটের সামনে আখচাষী নেতা আব্দুস সালামকে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে।