চবিতে শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট

তিন দফা দাবিতে গতকাল সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফলিত ও পরিবেশ রসায়ন বিভাগের শিক্ষার্থীরা। বিভাগের ও ডিন অফিসের সকল কার্যক্রম বন্ধ করে দেন তারা। পরে প্রক্টরিয়াল বডির সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। চবি ফলিত ও পরিবেশ রসায়ন বিভাগের শিক্ষার্থী হাসান মাসুদ বলেন, আমাদের দাবি পূরণ করবে বলে ডিন আমাদের কাছ থেকে দুই দিন সময় নিয়েছিলেন। কিন্তু দুিই দিন পর তিনি আমাদের কোন কিছুই বলেননি। তাই গতকাল আমরা ডিন অফিসের সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রক্টর সিরাজ উদদৌল্লাহ বলেন, শিক্ষার্থীরা ক্লাসরুমের দাবিতে আন্দোলন করেছে। কাল বিজ্ঞান অনুষদের ডিন আসলে কথা বলব। আশাকরি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে। উল্লেখ্য, স্থায়ী ক্লাস রুম, সমৃদ্ধ ল্যাব তৈরি ও বিভাগের নাম পরিবর্তন করে ‘ফলিত ও ক্যামিকৌশল বিভাগ’ নামকরণ করার দাবি নিয়ে গত ২ জুলাই থেকে আন্দোলন শুরু করেছে ফলিত ও পরিবেশ রসায়ন বিভাগের শিক্ষার্থীরা।