এখন গোপালগঞ্জের অবস্থা কী হবে
প্রকাশ : ০৮ জুলাই ২০১৩, ২২:৪২
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, আমার এক বন্ধু আওয়ামী লীগ নেতা বলেছিলেন,গাজীপুর আওয়ামী লীগের আরেক গোপালগঞ্জ। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর যদি এই অবস্থা হয় তবে আগামী জাতীয় নির্বাচনে গোপালগঞ্জের অবস্থা কী হবে? মওদুদ বলেন, সরকার ঢাক-ঢোল পিটিয়ে বলছে তারা গত সাড়ে চার বছরে অনেক উন্নয়ন করেছে। কিন্তু সরকারের উন্নয়নের জোয়ার ভোটের জোয়ারে ভেসে গেছে। সরকারের জনপ্রিয়তা তলদেশে চলে গেছে। এই রুগ্ন সরকার এ অবস্থা থেকে আর বেরিয়ে আসতে পারবে না। তারা শক্তি হারিয়ে ফেলেছে। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে অগ্নিসেনা আয়োজিত ‘গ্রহণযোগ্য নির্বাচন, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং অন্তর্বর্তীকালীন সরকার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তিনি। সংগঠনের সভাপতি তালুকদার জহিরুল হক তুহিনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য হেলেন জেরিন খান প্রমুখ।