বাগেরহাটের ফকিরহাট ইউপি উপ-নির্বাচনের তফশিল ঘোষণা

ফকিরহাট উপজেলার সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন আগামী ৩ আগস্ট অনুষ্ঠিত হবে। ফকিরহাট উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সাত্তার সোমবার ফকিরহাট সদর ইউপি উপ-নির্বাচনের তফশিল ঘোষণা করেছেন। এই উপ-নির্বাচনের তিনি রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। গত ১৮ মে সন্ত্রাসীদের গুলিতে ফকিরহাট সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খান জাহিদ হাসান নিহত হলে আসনটি শূন্য হয়। ঘটনার দিন সকালে খান জাহিদ হাসান খুলনা শহর থেকে মটরসাইকেলে নিজ এলাকায় আসার পথে আহমেদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে খুলনা-বাগেরহাট পুরাতন সড়কে সন্ত্রাসী হামলার শিকার হয়েছিলেন। সন্ত্রাসীরা তাকে বহনকারী মটর সাইকেলের চালক মুন্না আকনকেও হত্যা করে। উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সাত্তার জানান, নির্বাচন কমিশনের অনুমোদনক্রমে সোমবার ৮ জুলাই তিনি তফশিল ঘোষণা করেছেন। তফশিল অনুযায়ী ১৩ জুলাই মনোনয়নপত্র দাখিল এবং ১৪ জুলাই মনোনয়নপত্র বাছাই করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৮ জুলাই এবং ১৯ জুলাই মার্কা প্রদান করা হবে। ৩ আগস্ট অনুষ্ঠিত হবে উপ-নির্বাচন। ইউনিয়নের মোট ভোটার ১৭ হাজার ২১০ জন। ফকিরহাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবপ্রসাদ পাল ফকিরহাট সদর ইউনিয়নের উপ-নির্বাচনের তফশিল ঘোষণার সংবাদ নিশ্চিত করে বলেন, ‘আমরা সম্মিলিতভাবে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন বাস্তবায়ন করবো।’